বিবাহ বিচ্ছেদের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে HIV সংক্রমিত রক্তের ইনজেকশন, মহিলার অভিযোগে গ্রেফতার স্বামী

নিজস্ব সংবাদদাতা: স্ত্রী অন্তঃসত্ত্বা। তবে তাঁর সঙ্গে আর থাকতে চান না স্বামী। তাই স্ত্রীর থেকে বিবাহ বিচ্ছেদের আঁটছেন ফন্দি। আর তা পেয়েও গেলেন। তবে তিনি যে উপায় বের করলেন তাতে শুধু স্ত্রীরই নয় ক্ষতি হতে পারে তাঁদের সন্তানেরও। তবে সেই বিষয়ে মাথা না ঘামিয়ে এইচআইভি সংক্রমিত রক্ত অন্তঃসত্ত্বা স্ত্রীর দেহে ইনজেক্ট করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
অন্ধ্রপ্রদেশে এরকমই ঘটনার খবর মিলেছে।এম চরণের স্ত্রী থানায় অভিযোগ জানান, এক হাতুড়ে ডাক্তারের সাহায্যে HIV সংক্রমিত রক্ত তাঁর দেহে ইনজেক্ট করেছে তাঁর স্বামী। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁকে ডিভোর্স দেওয়ার জন্য যথাযথ কারণ খুঁজছিল এম চরণ। আর সেই পরিকল্পনা মতোই এক হাতুড়ে ডাক্তারের কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়।
তিনি জানিয়েছেন, এই সময়ে তাঁর ভাল স্বাস্থ্যের জন্য তাঁকে এই ইনজেকশন দেওয়া হচ্ছে। তারপর হাসপাতালে একদিন রুটিন চেক আপের সময় আসল বিষয় সামনে আসে।মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, হাসপাতালে একদিন চেক-আপের জন্য গিয়েছিলেন তিনি। সেই সময় জানতে পারেন তিনি HIV পজ়িটিভ। এই খবর পেয়ে কিছুটা হতবাক হয়েছিলেন তিনি। তাঁর আরও অভিযোগ, পণের জন্য অনেকদিন ধরেই তাঁকে হেনস্থা করছিল এম চরণ এবং ছেলে সন্তানের জন্য তাঁর উপর জোর দেওয়া হচ্ছিল।
তবে এই দম্পতির একটি মেয়ে রয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে এম চরণকে গ্রেফতার করেছে পুলিশ এবং মহিলার স্বাস্থ্য পরীক্ষার পর তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


