রাজ্য

দিল্লি যাচ্ছেন শুভেন্দু-সুকান্তরা, ১০০ দিনের কাজ নিয়ে বৈঠক হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে

নিজস্ব সংবাদদাতা: আরও একবার শিরোনামে ১০০ দিনের কাজ। এবার সেই ইস্যুতে দিল্লিতে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের কর্মসূচি। সঙ্গে পঞ্চায়েতের লক্ষ্যেও ব্লুপ্রিন্ট তৈরির তোড়জোড়। পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে মন্ত্রী সুভাষ সরকারের বাড়িতে বৈঠক বঙ্গ বিজেপির।

১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বারবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র। মিলছে না ১০০ দিনের কাজের টাকা। একাধিক বার অভিযোগ করেছেন মমতা। এবার সেই ১০০ দিনের কাজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে দিল্লি যাত্রা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে বঙ্গ বিজেপি। এছাড়াও আসন্ন পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় পদ্মশিবির। পঞ্চায়েতের ব্লুপ্রিন্ট তৈরি করতে বঙ্গ বিজেপির নেতা, সাংসদ ও বিরোধী দলনেতাকে নিয়ে দিল্লিতে বৈঠক।

দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাত্‍ করতে চলেছেন। সেই বৈঠকে ১০০ দিনের কাজের পোর্টাল চালুর আবেদন জানানো হতে পারে। প্রকৃত অর্থে ১০০ দিনের কাজ করলে তাদের দ্রুত পারিশ্রমিক প্রদানের আর্জিও জানানো হতে পারে।পাশাপাশি কিষাণ সম্মান নিধির আদলে কৃষকদের হাতে সরাসরি টাকা পৌঁছনোর দাবি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রের পাঠানো টাকা লুঠ করে রাজ্যের অর্থনীতি চলছে।”তবে এবার দিল্লির সফরে নজর, সোমবার রাতের বৈঠকে। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরিতে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুভাষ সরকারের বাড়িতে বিরোধী দলনেতাকে নিয়ে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এই বৈঠকের নেতৃত্বে বি এল সন্তোষ, আমন্ত্রিত জেপি নাড্ডা। থাকবেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যরা। এছাড়াও বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে রাজ্য নেতৃত্বের কোঅর্ডিনেশন তৈরিতে জোর দেওয়া হতে পারে। আমজনতার কাছে কেন্দ্রীয় প্রকল্পকে আরও গ্রহণযোগ্য করে তোলার ব্যাপারেও চলতে পারে আলোচনা। গতবারের জেতা আসন ও জেতার সম্ভাবনা ছিল এমন বুথ কমিটি নিয়ে পর্যালোচনা হতে পারে।

কিন্তু এত তোড়জোড়ের মধ্যেও যেন একটা না একটা ফাঁক থেকেই যাচ্ছে। ডিসেম্বর হুঁশিয়ারির ২টি তারিখ সুপারফ্লপ। এদিকে শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক বন্দ্যাপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলায় সোমবার শুভেন্দুকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের। সেইকারণে সোমবার বিকেলে কলকাতা থেকে রাজধানী যাবেন বিরোধী দলনেতা। ফলে, মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রায় নষ্ট বললেই চলে। এর আগেও ১৩ ডিসেম্বর দিল্লি সফর বাতিল হয় শুভেন্দুর। সেই দিন অমিত শাহ সময় দিতে না পারায় বাতিল হয় সেই সফরও। এদিকে দলের অন্দরেও শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি নিয়ে ধোঁয়াশা।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি যা বলি ভেবে কথা বলি। বাংলায় বড় ডাকাত জেলের ভিতরে যাবেই।” যদিও, তাঁকে কার্যত পাশ কাটিয়ে চলে চলে গিয়েছেন সুকান্ত, লকেটও। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “শুভেন্দুদা অনেক পুরনো রাজনীতিবিদ। উনি নিশ্চয় কিছু ভেবে এমন মন্তব্য করেছেন।”২০২৩ এর লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নামতে রাজধানীতে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। অন্তর্দ্বন্দ্ব, একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলকে বারবার নিশানা করেছে পদ্মশিবির। কিন্তু তার আগে নিজেদের ঘরের কোন্দল মেটাতে পারবে কি গেরুয়া শিবির?

Related Articles

Back to top button