‘জি২০ সভাপতিত্বের সময়কালে ভারতকে সাহায্য করার জন্য মুখিয়ে ‘, মোদী-সুন্দর সাক্ষাতে বললেন গুগল সিইও

নিজস্ব সংবাদদাতা: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই । জানা গিয়েছে, তাঁদের এই সাক্ষাতের মূল কারণ ভারতের জি-২০-র সভাপতিত্ব। এই সাক্ষাতে পিচাই প্রধানমন্ত্রীকে সকলের জন্য মুক্ত ও সংযুক্ত ইন্টারনেট পরিষেবার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
এই সাক্ষাতের পর সুন্দর পিচাই টুইটে লিখেছেন, ‘আজকের এই চমৎকার বৈঠকের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার নেতৃত্বে প্রযুক্তিগত পরিবর্তন দেখতে উৎসুক। আমাদের দৃঢ় অংশীদারিত্ব অব্যাহত রাখার এবং ভারতের জি২০ সভাপতিত্বকে সমর্থন করার উদ্দেশ্যে সকলের জন্য উন্মুক্ত ও সংযুক্ত ইন্টারনেট পরিষেবা বাড়ানোর জন্য উদগ্রীব হয়ে আছি।’
গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি সুন্দর পিচাইকে ভারতের প্রতিভা ও জ্ঞানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। তিনি গুগলের সিইও-কে ভারতে সামগ্রিক ডিজিটাল সাক্ষরতার জন্য কাজ করতে বলেছেন।
প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত গুগল সিইও ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন। এই অনুষ্ঠানে সংস্থা স্টার্ট আপের দিকে ফোকাস করেছে। ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে এক চতুর্থাংশই কোনও মহিলা চালিত স্টার্ট আপে বিনিয়োগ করবে গুগল। এদিকে তিনি টুইটে মোদী সাক্ষাৎ সম্বন্ধে আরও লিখেছেন, ‘আপনার সঙ্গে দেখা করে খুব ভাল লেগেছে। উদ্ভাবন, প্রযুক্তি ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে পেরে আনন্দিত।
মানব বিকাশ এবং উন্নয়নের জন্য প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য সমগ্র বিশ্বের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।’ তিনি আরও লিখেছেন, ‘যে স্কেলে ও প্রযুক্তিগত নেতৃত্বদানের ক্ষেত্রে ভারত যে জায়গা নেবে সে কথা মাথায় রেখেই ভারসাম্য বজায় রাখা, মানুষের সুরক্ষার কথা ভাবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’


