‘আপ ক্যায়সে হে…?’ সংসদের লবিতে শুভেন্দুকে দেখে প্রশ্ন মোদীর, কথা হল কয়েক মিনিট

নিজস্ব সংবাদদাতা: ‘আপ ক্যায়সে হে…?’ রাজ্যের বিরোধী দলনেতাকে দেখে এমন প্রশ্ন করে এগিয়ে এলেন খোদ প্রধানমন্ত্রী। সোমবার এমনই ঘটনার সাক্ষী থাকল সংসদ ভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন শুনে আপ্লুত হয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসেন এবং কুশল বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎ করেন দুজনে। এখানেই শেষ নয়, সংসদ ভবনের লনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কয়েক মিনিট বাক্যালাপও করেন শুভেন্দু। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিন সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক পূর্বনির্ধারিত ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের কোনও নির্দিষ্ট সূচি ছিল না। হঠাৎ করেই সংসদ ভবনের লনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ে যায়। অমিত শাহর সঙ্গে বৈঠক করে বেরোনোর সময়ই লনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় শুভেন্দুর। তাঁকে দেখে নমো-ই প্রথমে ‘আপ ক্যায়সে হে?’ প্রশ্ন তুলে তাঁর দিকে এগিয়ে আসেন।
প্রধানমন্ত্রীর মুখে এরকম প্রশ্ন শুনে আপ্লুত শুভেন্দুও সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান। তারপর লনে দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ৩ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী। এটা শুভেন্দু অধিকারীর কাছে যে উপরিপাওনা, তা বলা বাহুল্য।যদিও ঠিক কী বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বা শুভেন্দু- কেউই মুখ খোলেননি। তবে আইন-শৃঙ্খলা সহ রাজ্যের বর্তমান একাধিক ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার কথা হয় বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, এদিন সংসদ ভবনে অমিত শাহর সঙ্গে প্রায় ৪৫ মিনিট একান্তে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন-শৃঙ্খলা সহ আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর। বৈঠক শেষে তিনি ‘১৯৫৬ বুকলেট’-ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।
এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু। তিনি গ্রামীণ আবাস যোজনায় শাসকদলের দুর্নীতির বিস্তারিত খতিয়ান গিরিরাজ সিংয়ের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। এরপর রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু। তাঁর হাতেও ‘১৯৫৬ বুকলেট’ তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুকলেটের এই ধরনের নাম দেওয়ার কারণও ব্যাখ্যা করেন শুভেন্দু।


