জাতীয়

রাউস অ্যাভিনিউ কোর্টকে চ্যালেঞ্জ, আজই দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানি

নিজস্ব সংবাদদাতা:  আপাতত কেষ্টর দিল্লি যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছেন শিবঠাকুর। কিন্তু সে তো মাত্র সাতদিন। তারপর? তারপরও যাতে ইডি অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে যেতে না পারে, তারজন্য ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেষ্টর আইনজীবীরা। আজই দিল্লি হাইকোর্টে মামলার শুনানি। আইনের মারপ্যাঁচে ইডির সব জারিজুরি ভেস্তে দিয়ে আপাতত দুবরাজপুর জেলে অনুব্রত মণ্ডল। কথায় বলে রাখে হরি তো মারে কে? এক্ষেত্রে হরি থুড়ি কেষ্টর সহায় হয়ে উদয় হয়েছে শিবঠাকুরের। মোক্ষম সময়ে এই মামলা কি দিল্লি যাত্রা এড়াতেই কেষ্টর চাল?

এই নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রতর আইনজীবীরা। কী হতে পারে দিল্লি হাইকোর্টে? আইনজীবীদের একাংশের মতে,  দিল্লি হাইকোর্ট সব পক্ষকে নোটিশ জারি করতে পারে। পরবর্তী শুনানির দিন ধার্য করতে পারে হাইকোর্ট। সিব্বলের আবেদনে স্থগিতাদেশের নির্দেশ দিতে পারে। রাউস অ্যাভিনিউ কোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিতে পারে।

সোমবারই গরুপাচার মামলায় কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তড়িঘড়ি শিবঠাকুরের মামলা নিয়ে তত্‍‍পর হয়ে ওঠে পুলিশ। ফলস্বরূপ দুবরাজপুরে সাতদিনের জন্য জেল হেফাজতে বীরভূমের বাহুবলী। সেই ফাঁকেই ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রতর আইনজীবীরা। সমালোচনায় সরব বিরোধীরা।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোর্টের ব্যাপারে কথা বলব না। কিন্তু কয়লা চোর বালিচোর বাঁচাতে সরকার যা করছে তার পরিণতি খারাপ।” রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে এর আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেষ্ট। কিন্তু আদালত সেই আবেদন পত্রপাঠ নাকচ করে দেয়। তবে কেষ্টর তিহাড় যাত্রা রুখতে এবার ফের সেই দিল্লি হাইকোর্টই ভরসা।

Related Articles

Back to top button