ফের দেখা হচ্ছে মোদীর সঙ্গে, মুখ্যমন্ত্রী হেসে বললেন, ‘নিশ্চিত থাকুন যাব’

নিজস্ব সংবাদদাতা: ফের একবার একমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামী ৩০ তারিখ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। নমামি গঙ্গে সংক্রান্ত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন তিনি। ওই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন নবান্ন সভাঘর থেকে সেকথা নিজেই জানালেন তিনি। সঙ্গে আরও জোর দিয়ে বললেন, “আমিও যাব সেখানে, আপনারা নিশ্চিত থাকুন।” এদিন নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠকে উঠে এল সেই প্রসঙ্গ।
বৈঠকে উপস্থিত নৌসেনার আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, “৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। অনুষ্ঠান কি আপনারা গার্ডেন রিচের ওখানে জাহাজে করছেন? জায়গা কি এখনও ঠিক হয়নি?”জবাবে নৌসেনার ওই আধিকারিক জানান, “সেটি নেতাজি সুভাষ নৌঘাঁটিতে হতে পারে।” সেই কথা শুনে মুখ্যমন্ত্রী বললেন, “হ্যাঁ, আমি জানি সেটা। তাঁরা আমাকে জানিয়েছেন, সেই কারণেই আমি জানতে চাইছি। তারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, মন্ত্রী আমাকে ফোন করেছিলেন।” এরপর খানিক হাসিমুখেই বললেন, “আমিও আসছি সেখানে, আপনারা নিশ্চিত থাকুন।”
উল্লেখ্য, এর আগে নমামি গঙ্গে প্রকল্পের মধ্যে গঙ্গার ভাঙন রোধের জন্য কোনও পরিকল্পনা যাতে করা হয়, সেই ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে নদী ভাঙন একটি অন্যতম বড় সমস্যা। অতীতে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল, “গঙ্গা ভাঙন মানুষের জীবনে একটি অন্যতম বড় সমস্যা।
কেন্দ্রীয় সরকারের বিষয়টি নিয়ে ভাবা উচিত। ভাঙন ঠেকাতে একটি মাস্টার প্ল্যান করা উচিত। নমামি গঙ্গে প্রকল্পে এটা ঢোকানো উচিত।”চলতি বছরের শুরুর দিকে গঙ্গার ভাঙন সংক্রান্ত সমস্যার কথা নিয়ে কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছিল রাজ্য। এমন অবস্থায় নমামি গঙ্গের এক সরকারি অনুষ্ঠানে ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে একইসঙ্গে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন দেখার সেই অনুষ্ঠানে দুই রাজনীতিকের মধ্যে গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে কোনও কথাবার্তা হয় কি না।



