রাজ্য

‘সুবীরেশ আসল লোকের নাম বলেছেন?’ জানতে চাইলেন বিচারপতি

নিজস্ব সংবাদদাতা: বুধবারই কলকাতা হাইকোর্টে জামিন সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এবার ওএমআর শিট জালিয়াতির প্রসঙ্গ উঠতেই ফের সামনে এল সুবীরেশের নাম। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল এসএসসি গ্রুপ ডি মামলার শুনানি। সেই শুনানিতে উঠে আসে বেশ কিছু ওএমআর শিটের তথ্য। জানা যায়, উত্তরপত্রে শূন্য পেয়ে চাকরি পাওয়ার ঘটনাও ঘটেছে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানতে চান, সেই সময় কে ছিলেন এসএসসি-র চেয়ারম্যান। উত্তরে সিবিআই জানায় চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। এরপরই বিচারপতি প্রশ্ন করেন, সুবীরেশ জেরায় কী কী বলেছে?

এদিন শুনানিতে সুবীরেশের নাম সামনে আসতেই বিচারপতি প্রশ্ন করেন, সিবিআই-কে কি সুবীরেশ সব বলেছেন? আসল লোকের নাম কি বলেছেন? যার নির্দেশে এই সব কাজ হয়েছে? এরপরই বিচারপতি বলেন, ‘অধিকাংশ ওএমআরশিট ফাঁকা। বিশ্বাস করি না, এই ম্যানুপুলেশন টাকা ছাড়া হয়েছে। ইডিকে সব মামলায় যুক্ত করব। কোনও ব্যক্তিই যেন পালিয়ে না যান।’

সুবীরেশের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? আগেও এ ব্যাপারে সিবিআই-এর কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। নবম-দশমের মামলায় জেল হেফাজতে রয়েছেন সুবীরেশ। বিচারপতি আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় মন্তব্য করেছিলেন, সুবীরেশকে ভট্টাচার্যকে হেফাজতে না নিলে তথ্য জানা সম্ভব নয়। আরও একবার জানতে চাইলেন, ঠিক কী কী বলেছেন সুবীরেশ।

বুধবারই জামিন মামলায় সুবীরেশ ভট্টাচার্যের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সুবীরেশের পক্ষে সওয়াল করা হয়েছে, তিনি এসএসসি-র পদে থাকাকালীন কোনও দুর্নীতি হয়নি। কিন্তু আদালত সাফ জানায়, একটি সংস্থার সর্বোচ্চ পদে থেকে কোনও অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না। আগেই সচেতন হওয়া উচিত ছিল বলে পর্যবেক্ষণ আদালতের। আবার বুধবারই সুবীরেশের ভাগ্নেকে তলব করেছিল সিবিআই। বেআইনিভাবে তাঁকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে, তার ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হয়।

Related Articles

Back to top button