রাজ্য

গঙ্গারঘাটের রাস্তা দিয়ে দুই বান্ধবীর সঙ্গে যাচ্ছিলেন, শব দাহ হচ্ছিল অদূরেই… আচমকাই শিউরে ওঠার মতো ঘটনা

নিজস্ব সংবাদদাতা: তখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। শীতের রাস্তা এমনিতেই ফাঁকা। দুই বান্ধবীর সঙ্গে গঙ্গাঘাটের রাস্তা দিয়ে যাচ্ছিলেন যুবতী। কিন্তু পাড়ার এলাকার মধ্যেই এমন কিছু ঘটতে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি। আচমকাই পিছন থেকে তাঁর হাত ধরে টান দেয় এক যুবক। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান যুবতীর বাকি দুই বন্ধুরাও।

অভিযোগ, ওই যুবতীকে টেনে নিজের কাছে আনার চেষ্টা করেন ওই যুবক। অভিযুক্ত যুবক মত্ত অবস্থায় ছিলেন বলেও জানা যাচ্ছে। যুবতীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে, ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায়। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে  কাটোয়া শ্মশান ঘাটের গঙ্গার ঘাটের রাস্তা দিয়ে তিন যুবতী যাচ্ছিলেন। অভিযোগ, এক যুবতীর গায়ে হাত দেন ওই মদ্যপ যুবক। এরপর যুবতী পিছু ধাওয়া করে ওই যুবককে ধরে ফেলেন। যুবতীর চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে গেলে ওই যুবককে গণ ধোলাই দেওয়া শুরু হয়। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই যুবক চন্দ্রপুর গ্রামের হাজরা পাড়ার বাসিন্দা বিপদতারণ হাজরা। তিনি নাকি ওই এলাকায় শব দাহ করতে এসেছিলেন। সে সময়ই মদ্যপ অবস্থায় যুবতীকে শ্লীলতাহানি করেন।কাটোয়া থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটক করা হয় তাকে।

Related Articles

Back to top button