জাতীয়

তাওয়াং সংঘর্ষের আবহেই পূর্ব লাদাখ নিয়ে আলোচনা ভারত-চিনের

নিজস্ব সংবাদদাতা : ফের ভারত-চিন সম্পর্ক নিয়ে উত্তপ্ত সীমান্ত। গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে প্রায় লাল ফৌজের প্রায় ৩০০ সেনা জওয়ান। তবে এই উদ্দেশ্যে তারা সফল হয়নি। ভারতীয় সেনা জওয়ানরা তাদের কাঁটাতার জড়ানো লাঠি দিয়ে পিটিয়ে তাদের নিজের দেশের রাস্তা দেখিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই আবহে গত ২০ ডিসেম্বর ভারত ও চিনের মধ্যে সেনা কমান্ডার স্তরে উচ্চ পর্যায়ের বৈঠক সংঘটিত হয়েছে। দুই সেনাবাহিনীর তরফে যৌথ বিবৃতিতে দিয়ে ১৭ তম বৈঠকের কথা জানানো হয়েছে। পূর্ব লাদাখ নিয়ে এই দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি বজায় রাখতে দুই তরফই একমত।

বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে,গত ২০ ডিসেম্বর ভারত ও চিনের মধ্যে সেনা কমান্ডার স্তরে বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘২০ ডিসেম্বর চুশুল-মলডো সীমান্তে সেনা কমান্ডার স্তরে ভারত-চিনের মধ্যে বৈঠক হয়।’

তিনি জানিয়েছেন, পশ্চিম সেক্টরের ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, ‘তাদের মধ্যে গভীর ও খোলামেলা আলোচনা হয়েছে। দুই দেশের নেতাদের নির্দেশ মেনেই বাকি সমস্যা সমাধানের জন্য আলোচনা হয়। এর ফলে পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পুনরুদ্ধারে সহায়তা করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সক্ষম করবে।’ এই বিবৃতি অনুসারে, দুই পক্ষই পশ্চিম সেক্টরে অর্থাৎ, পূর্ব লাদাখে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে একমত হয়েছে।

অরিন্দম বাগচি এদিন বলেছেন, ‘যে সব সমস্যার সমাধানসূত্র এখনও বেরিয়ে আসেনি, তা নিয়ে আলোচনা জারি থাকবে। যত দ্রুত সম্ভব সমাধান বের করা হবে। যা যা ইস্যু বাকি, তা নিয়ে শীঘ্রই কাজ করা হবে।’প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাল ফৌজ ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে এই সংঘর্ষ আড়াই বছর পরেও দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে।

এদিকে এর আগেও গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিনের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৬ টি বৈঠক হয়েছে। এই বৈঠকগুলি থেকে সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে শান্তি ফিরলেও এখনও সামগ্রিকভাবে সমাধানসূত্র মেলেনি। এবার এই নিয়ে সমাধান সূত্র খুঁজতে ১৭ তম বৈঠকে বসল ভারত ও চিনের কমান্ডাররা।

Related Articles

Back to top button