‘ম্যারিয়ট হোটেলে যাবেন না’, বর্ষশেষে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

নিজস্ব সংবাদদাতা: বছর শেষে বড়সড় নাশকতার ছক পাকিস্তানে ? সম্ভাব্য হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের তরফে সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন কর্মী ও নাগরিকদের ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে যেতে বারণ করা হয়েছে। যদিও পাকিস্তানের তরফে এই সতর্কতা জারির প্রেক্ষিতে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই পাকিস্তানের একাধিক জায়গায় একের পর এক হামলা, বিস্ফোরণের কথা মাথায় রেখেই এই সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, “মার্কিন সরকারি কর্মীদের ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আজ জারি হওয়া সতর্কতার ভিত্তিতেই এই নির্দেশ। মার্কিন দূতাবাসের তরফে সমস্ত সরকারি কর্মীদের ধর্মীয় স্থানগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্য়মগুলিতেও নজর রাখতে বলা হচ্ছে সম্ভাব্য হামলা সম্পর্কে জানতে।”
উল্লেখ্য, দুইদিন আগেই পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী হামলা হয়। ওই বিস্ফোরণে একজন পুলিশ কর্মী নিহত হন, গুরুতর আহত হন আরও ছয়জন। এই হামলার পরই ইসলামাবাদে ‘রেট অ্য়ালার্ট’ জারি করা হয়েছে। বড়সড় জনসমাগমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার থেকে। পুলিশের উপরে হামলার পরই শহরজুড়ে নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পথসভা, জনসমাগম, বিশেষ করে স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আত্মঘাতী এই বিস্ফোরণের পরই আমেরিকার তরফেও সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, বর্ষশেষে এই ছুটির দিনগুলিতেই মার্কিন কর্মীদের উপরে সম্ভাব্য হামলার ছক কষা হয়েছে। ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে এই হামলা হতে পারে। সেই কারণেই মার্কিন সরকারি কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে সকলকে ম্যারিয়ট হোটেলে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অত্য়ন্ত প্রয়োজন না থাকলে, এই উৎসবের মরশুমে ইসলামাবাদে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের তরফে।


