বড়দিনে একের পর এক বিস্ফোরণ, মৃত ৫ পাক সেনা, ঘণ্টা খানেক বাদেই হল গ্রেনেড হামলাও

নিজস্ব সংবাদদাতা: বড়দিনের উৎসবের মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহর। একের পর এক বিস্ফোরণ হল পাকিস্তানের বালোচিস্তান শহরে। রবিবারের এই ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১২ জন পাকিস্তানি নাগরিক। পাক সেনার তরফে জানানো হয়েছে, দেশে যে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে, তার প্রত্যাঘাতেই এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তানি সেনার বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা মারফত পাওয়া তথ্য অনুযায়ীই গত ২৪ ডিসেম্বর থেকে জঙ্গি দমন অভিযান শুরু করেছিল পাকিস্তানি সেনা। গোপন সূত্রে খবর মিলেছিল, বালোচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় বেশ কিছু জঙ্গি গোপন ঘাঁটিতে লুকিয়ে রয়েছে। এরপরই সেই অঞ্চলে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযান চলাকালীনই একের পর এক আইইডি বিস্ফোরণ হয় ওই এলাকায়। একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
বিস্ফোরণে পাকিস্তান সেনার যে পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন, তাঁরা হলেন কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন ফাওয়াদ, সিপাহি আসগর, শ্যামুন, মেহরান ও ল্যান্স নায়েক ইমতিয়াজ। বিস্ফোরণে ছয় জন জওয়ান আহত হন। কমপক্ষে আরও ৬ জন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি। ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
অন্যদিকে, রবিবারই পাকিস্তানের কোয়েট্টা শহরেও হামলা চলে। ওই শহরের একটি পুলিশের চেকপয়েন্ট লক্ষ্য করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্রেনেড ছোড়েন। বিস্ফোরণে কমপক্ষে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুলিশ অফিসার ও বাকি পাঁচজন সাধারণ নাগরিক।পুলিশের চেক পয়েন্টে গ্রেনেড হামলার কয়েক ঘণ্টা আগেই কোয়েট্টা শহরের অপর এক প্রান্তেও আরেকটি গ্রেনেড বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হন।


