জাতীয়

সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ অটল বিহারী বাজপেয়ীর নামে

নিজস্ব সংবাদদাতা: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর  নামে নামকরণ করা হল একটি নক্ষত্রের। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে রবিবার দেশজুড়ে গুড গভর্নেন্স ডে  পালিত হয়েছে। রবিবারই বিজেপির  ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি।

দাবি করা হচ্ছে, এটিই সূর্যের সবথেকে কাছের নক্ষত্র । ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের তরফে জানানো হয়েছে, “ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী জি। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।”

প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী দুই দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথমে ১৯৯৬ সালে স্বল্প কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর আবার ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাজপেয়ী।

২০১৮ সালের অগস্ট মাসে দিল্লির এইএমসে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী। ইহলোক ত্যাগ করলেও, ভারতের সামগ্রিক বিকাশের জন্য তাঁর অবদান আজও সমানভাবে চর্চিত। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নীচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তাঁর আমলেই। গোটা বিশ্বের কাছে ভারতের শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারতের বিজয় ধ্বজা উড়েছিল তাঁর আমলেই।নরেন্দ্র মোদীর সরকার বাজপেয়ীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গোটা দেশে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রবিবার।

Related Articles

Back to top button