জাতীয়

রাহুলের ভারত জোড়োয় আমন্ত্রিত অখিলেশ-মায়াবতী

নিজস্ব সংবাদদাতা: নয়া সমীকরণের ইঙ্গিত! রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পৌঁছল উত্তরপ্রদেশের প্রধান তিন রাজনৈতিক দল, সমাজবাদী পার্টি , বহুজন সমাজ পার্টি ( ও রাষ্ট্রীয় জনতা দলের  সুপ্রিমোর কাছে। আগামী সপ্তাহে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পৌঁছলে সেখানেই তাঁদের সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া যোগী রাজ্যের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। বাদ কেবল রাজ্যের শাসকদল।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ জানুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। তারপর তিনদিন ধরে রাজ্য পরিভ্রমণ করে বাঘপত এবং শামলি দিয়ে গিয়ে এই যাত্রা প্রবেশ করবে হরিয়ানায়। তাই একসূত্রে দেশ বাঁধার এই যাত্রায় সামিল হওয়ার জন্য রাজ্যের বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক সিং। এমনকি লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এবং আরেক অধ্যক্ষ রবিকান্তকেও কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের বিরোধী নেতাদের ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছেন দলের মুখপাত্র অশোক সিং। তিনি বলেন, “বর্তমানে যখন জনগণকে তাঁদের মতামত ব্যক্ত করার অনুমতি দেওয়া হচ্ছে না, তখন জনগণের মন বোঝার একমাত্র উপায় হল এই যাত্রা। সমস্ত বিরোধী দলই এই বিষয়ে একমত। তাই তাঁদের এই যাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস মুখপাত্র আরও বলেন, অখিলেশ যাদব, মায়াবতী এবং চৌধুরী ছাড়াও এসপি বিধায়ক শিবপাল সিং যাদব, বিএসপি-র সাধারণ সম্পাদক সতীশ মিশ্র, সুহেলদেহ ভারতীয় সমাজপর্টি প্রধান ওমপ্রকাশ রাজভর এবং সিপিআই-এর সম্পাদক অতুল অঞ্জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বেই এই যাত্রায় হবে।প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রার কো-অর্ডিনেটর হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। তিনি গত সপ্তাহেই জানিয়েছিলেন, এই যাত্রায় সামিল হওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তবে কারও নাম প্রকাশ করা হবে না।

Related Articles

Back to top button