রাজ্য

গণতন্ত্র বাঁচাতে আজ দার্জিলিঙে আজ ‘অনাস্থা’, পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা:   বুধবার দার্জিলিং পৌরসভায় অনাস্থা। কাউন্সিলরদের দলে টেনে বোর্ড গঠনের পথে অনীতের মোর্চা ও তৃণমূল। গন্ডগোলের আশঙ্কায় দার্জিলিঙে মোতায়েন রয়েছে পুলিশ। জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন, দার্জিলিং পৌরসভায় অনাস্থা বৈঠক ডেকে কার্যত হামরো পার্টিকে উচ্ছেদের শপথ নিয়েছে অনীতের প্রজাতান্ত্রিক মোর্চা। যা ঘিরে গন্ডগোলের সম্ভাবনা রয়েছে। অশান্তি রুখতে হাজির রয়েছে কমব্যাট ফোর্স, স্ট্রাকো ফোর্স।

অনাস্থা নিয়ে ভোটাভুটির ঠিক আগের দিনই অর্থাৎ মঙ্গলবার একই মঞ্চে দেখা গিয়েছে বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডকে। তা নিয়ে শীতের দার্জিলিঙে রাজনৈতিক উত্তাপ বেড়েছে অনেকটাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাহলে কি পাহাড়ে নতুন করে কোনও সমীকরণ তৈরি হয়েছে?

৩২ আসনের মধ্যে ১৮টি জিতেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা নটি ও তৃণমূল ২টি আসন জেতে। গুরুঙের মোর্চা জেতে তিনটি আসন। পরে জিটিএ ভোটে লড়তে প্রজাতান্ত্রিক মোর্চার এক কাউন্সিলর ইস্তফা দেন। এরফলে মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ৩১জন। সম্প্রতি ছ’জন হামরোর কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তাতে অনীত গোষ্ঠীর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। এবার তৃণমূলকে নিয়ে বোর্ড গঠন করতে চান অনীতরা।

অন্যদিকে এডওয়ার্ডের হামরোর ১২ জন এবং গুরুঙের তিন কাউন্সিলর একজোট বেধে বোর্ড রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু  এডওয়ার্ডের বক্তব্য, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দার্জিলিঙ পৌরসভায় অনৈতিকভাবে বোর্ড গঠন করতে চাইছে। বিমল গুরুং ও বিনয়কে ডেকে তা বোঝাতেও চেয়েছেন তিনি। মঙ্গলবারের তাঁদেরং সাক্ষাৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে বুধবার প্রজাতান্ত্রিক মোর্চাই বোর্ড দখল করবে বলে এক প্রকার নিশ্চিত অনীতরা। এদিকে, পাহা়ড়ে গণতন্ত্র বাঁচাতে এক কাট্টা অনীত,বিমল-বিনয়রা। এদিনের অনাস্থা নিয়ে ভোটাভুটির ফল কী হয়, এখন সেটার দেখার।

 

Related Articles

Back to top button