জাতীয়

ধরা পড়ল বৌদ্ধগয়ার নিখোঁজ ‘চিনা গুপ্তচর’, ‘এটা নিরাপত্তা সংক্রান্ত ইস্যু’ বলল বিদেশ মন্ত্রক

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দলাই লামার  সফরের মধ্যে বিহারের বৌদ্ধগয়ায়  ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। এক চিনা মহিলার ছবি প্রকাশ করেছিল স্থানীয় পুলিশ। বৌদ্ধ ধর্মগুরুর উপর চরবৃত্তি করছিল সে, এমনটাই জানায় পুলিশ। এই বিষয়ে অবশ্য মুখ খুলতে চাইলেন না বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে প্রশ্ন করা হলে অরিন্দম বাগচি বলেন, “এটা একটা নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। এই নিরাপত্তার বিষয়ে আলোচনার এটা উপযুক্ত ফোরাম নয়।” তবে, এদিন সন্ধ্যাতেই ওই সন্দেহভাজন মহিলাকে আটক করেছে বিহার পুলিশ। বৌদ্ধ গয়া থেকেই তাঁকে আটক করা হয়েছে। সম্ভবত, অতি দ্রুত তাঁকে চিনে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার সকালে বিহারের বোধগয়ায় দলাই লামার সফরকে ঘিরে একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়। সং জিয়াওলান নামে এক চিনা মহিলার পাসপোর্ট ও ভিসার বিবরণ এবং ওই মহিলার একটি স্কেচ প্রকাশ করে পুলিশ। পুলিশ জানায়, ওই মহিলার সন্ধান করা হচ্ছে। সূত্রের খবর, দলাই লামার উপর নজর রাখতে চরবৃত্তি করছিল ওই মহিলা। মহাবোধি মন্দির কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। ভক্তদের উপর নজরদারি বাড়ানো হয়।

অন্যদিকে, এদিন বোধগয়ায় এক সমাবেশে ভাষণ দেন দলাই লামা। তিনি তাঁর অনুগামীদের অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কতেউ যদি ঈশ্বর বিশ্বাসী হন, তবে তাঁর অবশ্যই সমাজের অন্য়ান্য মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। তিনি আরও জানান, তাঁর বিরোধীদের প্রতিও তাঁর মনে কোনও অসৎ ইচ্ছা নেই। তিনি বলেন, “আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। যেখানেই থাকি না কেন, আমি মানবতার পক্ষে কাজ করে যাব।”

এদিন, ওড়িশায় রুশ নাগরিকের মৃত্যু এবং উজবেকিস্তানে ভারতীয় কাফ সিরাপ খেয়ে মৃত্যুর অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে। ওড়িশায় পরপর দুদিনে দুই রুশ শিল্পপতির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক তথা রুশ সাংসদ। অরিন্দম বাগচি জানিয়েছেন, ওড়িশা পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আর উজবেকিস্তানের ঘটনা নিয়ে তিনি বলেছেন, “উজবেকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে বিষয়টি ভারতকে জানানো হয়নি। তবে তাসখন্ডের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

Related Articles

Back to top button