‘বাঙালিদের কাছে নেশন ফার্স্ট’, তার ব্যাখ্যা দিলেন মোদী

নিজস্ব সংবাদদাতা: যে বাংলার মাটিতে ‘বন্দে মাতরম’-এর জন্ম হয়েছিল, সেই বাংলাতেই সবুজ পতাকা উড়িয়ে সূচনা করা হল ‘বন্দে ভারত’-এর। এই ভাষাতেই শুক্রবার নয়া ট্রেনের তাৎপর্য বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন সকাল ১১ টা ৪০ মিনিটে হাওড়া থেকে সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের । ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। এদিন পশ্চিমঙ্গে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে। সেই সব প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালিদের দেশভক্তি অতুলনীয়।’ তাঁর দাবি, বাঙালিদের কাছে সবার আগে দেশ।
এদিন বক্তব্যের শুরুতেই তিনি ‘বন্দে মাতরম’ এর কথা উল্লেখ করেন। পরে তিনি বলেন, ‘দেশের প্রতি বাংলার মানুষের যে প্রেম, আমি সব সময়েই তার প্রশংসা করে থাকি।’ দেশের বিভিন্ন জায়গা ভ্রমণে বাঙালিদের মধ্যে যে উৎসাহ দেখা যায়, সেটাও অন্যদের থেকে অনেক বেশি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সুযোগ পেলেই কেউ কেউ বিদেশে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঙালিরা সবসময়েই দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন। মোদীর কথায়, ‘বাঙালির কাছে সবসময়েই সবার আগে দেশ (নেশন ফার্স্ট)।’ তাই রেল, মেট্রো সহ রাজ্যের পরিবহনে যে উন্নয়ন আসছে, তার ফল বাঙালিরাও পাবেন বলে মন্তব্য করেছেন তিনি।
শুধু তাই নয়, এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তিও শোনা গিয়েছে মোদীর মুখে। তিনি বলেন, ‘রবি ঠাকুর লিখেছিলেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।’ তাই মাতৃভূমিকে সবার আগে রেখেই কাজ করা উচিত বলে উল্লেখ করেন তিনি।এদিন শুধুমাত্র বন্দে ভারত ট্রেন নয়, সূচনা হয়েছে জোকা-তারাতলা মেট্রো রুটের। ওই রুট বিবাদী পর্যন্ত বর্ধিত হলে শহরবাসীর কতটা সুবিধা হবে, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।



