‘পুলিশের মাথা ফাটিয়ে দিন’, প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্যে বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে থানা জ্বালিয়ে দেওয়ার নিদান। পাশাপাশি থানার ওসি -আইসিদের মাথা ফাটানোর নিদান দিতে শোনা গেল বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে । চলতি মাসের ২৭ তারিখ ভুরকুণ্ডা পঞ্চায়েতের সামনে বিজেপির গ্রামীণ মণ্ডলের সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই শনিবার অশোকনগর থানার সামনে নৈহাটি রোডের ওপর বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশ থেকেই পুলিশের বিরুদ্ধে এই হুমকি দিতে শোনা গিয়েছে বিজেপির বিধায়ককে।
বিজেপি বিধায়ক এদিন বলেন, ‘তৃণমূল আবাস যোজনায় পক্ষপাতিত্ব করে অনেককে ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে।’ সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও এদিন তোপ দেগেছেন তিনি। বিধায়কের দাবি, কিছু অযোগ্য লোককে ওসি করে বসিয়ে রাখা হয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি দেখেন কোনও ওসি বা আইসি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেন, যদি দেখেন তৃণমূলের দালালি করছেন, তাহলে মাথা ফাটিয়ে দিন। সেই সঙ্গে এও বলেন, ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে থাকবে, যত টাকা লাগে, তা দিয়ে আমরা ছাড়াব।’
এই মন্তব্য প্রসঙ্গে বক্তৃতা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, ‘বিজেপির অনেক কর্মীর দেহ আমাদের শ্মশানে নিয়ে যেতে হয়েছে। আমাদের ভিতরে আগুন আছে। আর এসবের জন্য দায়ী পুলিশ।’ সাধারণ মানুষও অত্যন্ত ক্ষুব্ধ বলে দাবি করেছেন তিনি।এর আগেও বিতর্কের মুখে পড়েছেন এই বিধায়ক। ডেপুটেশন দিতে গিয়ে বিডিও-কে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশকেও গাছে বাঁধার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সময়ও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি।হাবরার তৃণমূল নেতা নারায়ণ সাহা এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে অশান্তি তৈরি করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ক্ষমতা থাকলে বিজেপি থানা ভেঙে দেখাক। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেছেন তিনি।



