রাজ্য

রাতের অন্ধকারে নন্দীগ্রামে ভাঙল শহীদ বেদী, কারা করল এমন কাজ?

নিজস্ব সংবাদদাতা: ফের অশান্ত নন্দীগ্রাম । রাতের অন্ধকারে ভাঙা হল শহীদ বেদী। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকারী পাড়ার মাল পাড়ার ২৬০ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, শুক্রবার রাতে কেউ বা কারা শহীদ বেদী এবং তার পাশে থাকা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। শহীদ বেদির বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ।

নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি জানান, শুধু বেদীই ভাঙা হয়নি, চারপাশে পড়ে রয়েছে তৃণমূলের পতাকা। তাঁর দাবি, এই কাজ যে বিজেপি করেছে, তা তৃণমূলের কাছে জলের মতো পরিষ্কার। তিনি বলেন, ‘বিজেপি শহীদদের সম্মান দিতে জানে না। ফলে, বেদী ভাঙার আগে তাঁদের হাত একটুও কাঁপেনি।’

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি সাহেব দাস দাবি করেন, বিজেপি কোনও ভাঙাভাঙির রাজনীতি করে না। তাঁর দাবি, তৃণমূল এরকম কাজ করে থাকে, আর এ ক্ষেত্রেও তৃণমূলেরই স্থানীয় কর্মীরা এমনটা করেছে। তৃণমূল নেতা খোকন দাস অধিকারীর নাম সামনে এনেছেন ওই বিজেপি নেতা। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ওই শহীদ বেদী তৈরি করেছিলেন বলে উল্লেখ করেছেন সাহেব দাস।

খোকন দাস অধিকারী এই প্রসঙ্গে জানান, তিনি ওই বেদীর পাশে একটি চায়ের দোকানে নিয়মিত যান। সেখানেই বেশ কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে সম্প্রতি তাঁর বচসা হয়েছিল। এরপর রাতের অন্ধকারে শহীদ বেদীর অংশগুলিকে ভাঙা হয়েছে। এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

Related Articles

Back to top button