রাজ্য

বাড়ল শুভেন্দুর আইনি রক্ষাকবচ, কাঁথির টেন্ডার দুর্নীতি মামলায় এখনই কড়া পদক্ষেপ নয়

নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট । আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল শুভেন্দুর রক্ষাকবচ। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলাতেও শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আজ রাজ্যের তরফে জানানো হয়, আগামী শুনানিতে অ্যাডভোকেট জেনারেল এই মামলায় রাজ্যের হয়ে বক্তব্য জানাবেন।

আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য, এর আগে পাঁচটি মামলায় আইনি রক্ষাকবচ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশটি এসেছিল ২৯ নভেম্বর। অথচ, ২৮ নভেম্বর রাজ্যের তরফে নতুন মামলা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই তথ্য রাজ্য আদালতে গোপন করেছে বলে অভিযোগ শুভেন্দুর আইনজীবীর। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট তা আবার হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছিল। এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগের পাঁচটি মামলার পাশাপাশি কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও আপাতত শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। স্বাভাবিকভাবেই বিধানসভার বিরোধী দলনেতার জন্য এটি খানিক স্বস্তির বলেই মনে করছে আইনজীবী মহল।

প্রসঙ্গত, এর আগে গতমাসেই কলকাতা হাইকোর্ট অপর একটি মামলায় জানিয়ে দিয়েছিল, আদালতের নির্দেশ ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর করা যাবে না। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে এফআইআরগুলি করা হয়েছে, সেগুলির উপরেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী নিজেও তাঁর বিরুদ্ধে করা একের পর এক মামলা ও এফআইআরের বিষয় নিয়ে একাধিকবার সরব হয়েছেন। কাঁথির টেন্ডার দুর্বীতি মামলাতেও শুভেন্দু অধিকারীকে আদালত আইনি রক্ষাকবচ দেওয়ার তাঁর স্বস্তি খানিক বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Back to top button