বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শোরগোল তুফানগঞ্জে

নিজস্ব সংবাদদাতা: হাতে আর মাত্র কয়েক মাস। তারপরেই পঞ্চায়েত ভোট । ইতিমধ্যেই ভোটের হাওয়ায় তপ্ত হতে শুরু করেছে গ্রাম বাংলার মাটি। ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন শাসকদলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। এরইমধ্যে এবার তুফানগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পদ্ম শিবিরের ওই কর্মীর দাবি তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডের শিশু মেলা রোড এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।
ইতিমধ্যেই এ ঘটনায় তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। আক্রান্ত বিজেপি কর্মীর নাম নিমাই দাস। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তবে শাসক শিবিরের বিরুদ্ধে কটাক্ষবাণ শানিয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব চক্রবর্তী বলেন, “বাংলায় ভোট পরবর্তী হিংসা এখনও চলছে।
তুফানগঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী নিমাই দাস যতবার বাড়িতে আসেন ততবারই আক্রান্ত হন। তৃণমূলের হার্মাদদের অত্যাচারে নিমাই পরিবার ছেড়ে, তুফানগঞ্জ ছেড়ে চলে গিয়েছে। তারপরেও বাড়ির লোকের সঙ্গে দেখা করতে এখানে এলে তৃণমূলের লোকজন হামলা চালায়। গতকালও মারধর করা হয়। ওর মাথায় চোট লাগে। আমরা থাকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করেছিলাম। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”
পাল্টা বিজেপিকেই কাঠগড়ায় তুলে স্থানীয় তৃণমূল নেতা চাঁদ মোহন সাহা বলেন, “এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। আসলে প্রচার পেতেই এসব বলছে ওরা। আদপে মিথ্যা অভিযোগ। গোটা বাংলাতেই এই ছবি দেখা যাচ্ছে। ওদের পায়ের তলায় মাটি নেই। তাই এসব করছে। এটাই ওদের রাস্তা হয়ে দাঁড়িয়েছে এখন।”



