রাজ্য

নির্বাচনে হারিয়েছিলেন, সেই চাচাজির জন্মদিনে কংগ্রেসের অনুষ্ঠানে দিলীপ দিলেন রাজনৈতিক সৌজন্যের বার্তা

নিজস্ব সংবাদদাতা: ফের সৌজন্যের রাজনীতির সাক্ষী রইল খড়গপুর। কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । প্রয়াত কংগ্রেস নেতা জ্ঞান সিং সোহন পাল (চাচাজির) নামে রেলের উড়ালপুলের নামকরণের কথাও ঘোষণা করলেন তিনি। বুধবার দুপুরে খড়গপুরের ওই কর্মসূচিতে যোগ দেন তিনি।

উল্লেখ্য, ১১ই জানুয়ারি স্বর্গীয় চাচাজির ৯৮ তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল খড়গপুর কংগ্রেস। আর সেই কর্মসূচিতেই যোগ দেন বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। জ্ঞান সিং সোহন পাল খড়গপুর শহরে চাচাজি নামে পরিচিত। খড়গপুর শহরের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তিনি। দিলীপ ঘোষই প্রথম খড়গপুরে জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। আর সেই চাচাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।

আগামিকাল খড়গপুরের রেলের একটি উড়ালপুল উদ্বোধন হওয়ার কথা রয়েছে । সেই উড়ালপুলের নামকরণ যাতে চাচাজির নামে হয় রেলের কাছে সেই আবেদন জানাবেন বলেই তিনি জানিয়েছেন। খড়গপুরের মানুষের সকলের প্রিয় ছিলেন চাচাজি। তাই খড়্গপুরের মানুষের মনের মধ্যে চাচাজির নাম চিরস্মরণীয় করে রাখতেই তার এই উদ্যোগ বলেই জানিয়েছেন দিলীপ।এ দিন নিজের টুইটার হ্যান্ডেলেও চাচাজির জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেন দিলীপ ঘোষ। লেখেন, ‘আমরা বর্ণভিত্তিক বৈষম্য দূর করেছি তবে রাজনৈতিক বিভেদ অনেক বেড়ে গিয়েছে। এই ধরনের রাজনৈতিক অসহিষ্ণুতার ঊর্ধ্বে উঠে আমি খড়গপুরে কংগ্রেসের প্রবীণ নেতা জ্ঞান সিং সোহানপালকে তাঁর ৯৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।’

Related Articles

Back to top button