ছুটছে ট্রাক, বস্তা লুঠ করতে পিছনে ছুটছে ১০-১২টা বাইক…শিউরে ওঠার মতো ভয়ঙ্কর দৃশ্য পাকিস্তানের খাদ্য সঙ্কটের

নিজস্ব সংবাদদাতা: দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে একটা ট্রাক, পিছনে ছুটে আসছে কমপক্ষে এক ডজন বাইক। না, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটাই এখন বাস্তব। এই দৃশ্য দেখা যাচ্ছে পাকিস্তানে। যেখানেই কোনও ট্রাক দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, তারা পিছু করছেন। তাদের আশা, যদি ওই ট্রাক থেকে সামান্য কিছু খাবার পাওয়া যায়। চরম আর্থিক ও খাদ্য সঙ্কটে ভুগছে পাকিস্তান । তার জ্বলন্ত উদাহরণও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
সামান্য আটা-ময়দার জন্যও সাধারণ মানুষ নিজেদের মধ্যে মারপিট করছেন। ধস্তাধস্তি, পদপিষ্ঠ হয়ে মানুষের মৃত্যুও ঘটছে। এদিকে, পাক সরকারের তরফে জানানো হয়েছে, আর্থিক সঙ্কট মেটানোর জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ চাওয়া হচ্ছে। শনিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “পরমাণু শক্তিধর দেশ হয়েও নগরিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য যেভাবে ক্ষিক্ষা চাইতে হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।”
পাকিস্তান যে চরম আর্থিক সঙ্কটে পড়তে পারে, এই সতর্কতা অনেক আগেই দেওয়া হয়েছিল। দেশ চালাতে সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণ না করা এবং চিন সহ একাধিক দেশের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ ঋণ নেওয়াতেই আজ পাকিস্তানের এই করুণ দশা। শ্রীলঙ্কার মতোই আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানেরও আর্থিক ভাঁড়ার প্রায় শূন্য। যা টাকা রয়েছেে, তাতে অতি সামান্য পরিমাণ খাদ্যশস্যই কেনা সম্ভব বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ভাঁড়ারে যে খাদ্যসশ্য রয়েছে, তা নিয়েই চলছে কাড়াকাড়ি। এমনই একাধিক ভিডিয়ো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সম্প্রতিই ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি ট্রাকে করে ময়দা নিয়ে যাওয়া হচ্ছে। তার পিছন পিছন ছুটছে কমপক্ষে ১০-১২টি বাইক। ট্রাকটি দাঁড়াতেই বাইক থেকে হুড়মুড়িয়ে নেমে এলেন চালকরা, হাতের মুঠোয় ধরা টাকার নোট। সকলেরই উদ্দেশ্য একটাই, যদি এক বস্তা আটা কেনা যায়। ভিডিয়োয় আরও দেখা যায়, কয়েকজন এক বস্তা করে আটা কিনতে পারলেও, তা প্রায় সঙ্গে সঙ্গেই অন্যরা কেড়ে নিচ্ছেন।
ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, “এটা কোনও মোটরসাইকেল র্যালি নয়। পাকিস্তানের মানুষেরা আটা বোঝাই ট্রাক ধাওয়া করছেন শুধুমাত্র এক ব্যাগ আটা বা ময়দা কেনার আশায়। আপনারা নিজেদের ভাগ্য়বান মনে করুন যে আপনারা পাকিস্তানি নন। আমাদের কি কোনও ভবিষ্যৎ আছে?”
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ময়দার চরম সঙ্কট দেখা দিয়েছে। গত সপ্তাহ থেকে খাইবার পাখতুনখাওয়া, সিন্ধ ও বালোচিস্তান প্রদেশে ময়দার দাম আকাশছোঁয়া, এক প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে পাকিস্তানি মুদ্রায় ৩ হাজার টাকায়।


