চিনা বাধা টপকে সন্ত্রাসবাদী তকমা পেল পাকিস্তানের আব্দুল মাক্কি

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের কুখ্যাত জঙ্গি আব্দুল রেহমান মাক্কিকে বৈশ্বিক জঙ্গির তকমা দিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ । সোমবার তাদের ISIL ও আল-কায়দা নিষেধাজ্ঞা কমিটির অধীনে পাকিস্তানের এই জঙ্গিকে বিশ্বের জঙ্গিদের তালিকাভুক্ত করল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। আব্দুল মাক্কিকে বৈশ্বিক জঙ্গি তকমা দেওয়ার বিষয়ে ভারতের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
প্রসঙ্গত, বহুদিন ধরেই ভারত এই কুখ্যাত জঙ্গি বৈশ্বিক জঙ্গি হিসেবে তকমা দেওয়ার ডাক দিয়েছিল। তবে ভারতের এই প্রস্তাবে বাধা দেয় চিন। ভারতের এই ডাককে চিন বাতিল করার পর এবার রাষ্ট্রসঙ্ঘ মাক্কিকে বৈশ্বিক জঙ্গিদের তালিকাভুক্ত করল। গত বছর জুন মাসে ভারতের প্রস্তাবে চিনে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ছিল ভারত। একটি বিবৃতি জারি করে রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, “২০২৩ সালের ১৬ জানুয়ারি আইএসআইএল (দায়েশ), আল-কায়েদা ও সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, উদ্যোগ এবং সত্ত্বা সম্পর্কিত রেজুলেশন ১২৬৭ (১৯৯৯), ১৯৮৯ (২০১১) ও ২২৫৩ (২০১৫) অনুযায়ী নিরাপত্তা পরিষদ কমিটি এই সংযোজন অনুমোদন করেছে।”
প্রসঙ্গত, দেশীয় আইন অনুসারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মাক্কিকে জঙ্গির তালিকাভুক্ত করেছে ইতিমধ্যেই। ভারতে বিশেষ করে জম্মু ও কাশ্মীরে তহবিল সংগ্রহ, যুবকদের সহিংসতার জন্য নিয়োগ এবং উগ্রপন্থীকরণে মাক্কি জড়িত ছিল। লস্কর-ই-তৈবা (LeT) প্রধান ও ২৬/১১-এর মূলচক্রী হাফিজ সইদের শ্যালক হল মাক্কি। এলইটি-এর বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছে সে। তিনি এলইটি অপারেশনের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রয়েছে তার। ২০২০ সালে একটি পাকিস্তানি সন্ত্রাসবিরোধী আদালত মাক্কিকে সন্ত্রাসবাদে অর্থ জোগানোর জন্য দোষী সাব্যস্ত করে এবং তাকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, অতীতে বহুবার চিন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদীদের জঙ্গি তালিকাভুক্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। যেমন জইশ-ই-মহম্মদের পাকিস্তানের প্রধান মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাব বাতিল করেছিল চিন।


