কয়লাখনি সম্প্রসারণে ধ্বংস করে ফেলা হচ্ছে আস্ত গ্রাম! আন্দোলন করতে গিয়ে আটক গ্রেটা থুনবার্গ

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। সেই সময় থেকেই প্রচারের আলোয় রয়েছেন তিনি। সেই আন্দোলন করতে গিয়েই পুলিশের হাতে আটক হলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ । মঙ্গলবার তাঁকে আটক করে জার্মান পুলিশ । জানা গিয়েছে, জার্মানির একটি কয়লা খনির সম্প্রসারণের বিরুদ্ধেই আন্দোলন করছিলেন গ্রেটা। সেখান থেকে আন্দোলন উচ্ছেদ করতে আসে পুলিশ, বাকি আন্দোলনকারীদের পাশাপাশি গ্রেটাকেও আটক করা হয়। আন্দোলনকারীদের দাবি, জার্মানির কয়লা খনি সম্প্রসারণের জন্য আস্ত একটি গ্রামকে ধ্বংস করে ফেলা হচ্ছে। তার বিরুদ্ধেই প্রতিবাদ করছিলেন তারা।
জানা গিয়েছে, জার্মানির পশ্চিমের লিউটজ়েরাথে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রেটা থুনবার্গ ও অন্যান্য আন্দোলনকারীরা। পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আন্দোলনকারীরা পুলিশের হেফাজতে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হেলমেট পরিহিত কয়েকজন পুলিশ হাত ধরে গ্রেটা থুনবার্গকে নিয়ে যাচ্ছেন। পিছনে বাকি আন্দোলনকারীদেরও ধরে আনা হচ্ছে। তাদের পুলিশের বাসে তোলা হয়।


