রাজ্য

এবার বোমা ফাটালেন নীলাদ্রি ঘোষ, তৃণমূলের যুব নেতা কুন্তলের নামে চাঞ্চল্যকর তথ্য সামনে…

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ  ইডির হাতে গ্রেফতার হন গত শনিবার। প্রথমেই কুন্তল দাবি করেছিলেন, তাঁকে ফাঁসাচ্ছেন তাপস মণ্ডল। এরপর নাম নেন গোপাল দলপতি নামে আরও একজনের। সোমবার সামনে এসেছে নীলাদ্রি ঘোষ নামে আরও একটি নাম। কুন্তল দাবি করেন, তাপস-নীলাদ্রিরা তাঁকে ফাঁসিয়েছেন। টাকা নিয়ে পকেটে ভরেছেন। এরপরই টিভি নাইন বাংলা যোগাযোগ করে নীলাদ্রি ঘোষের সঙ্গে। তিনি জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।

তবে তাপস মণ্ডলকে যে তিনি চেনেন বা কুন্তলের কাছ থেকে ৬ লক্ষ টাকা ‘আদায়ের’ বিষয়টিও স্বীকার করেন। নীলাদ্রি ঘোষের কথায়, “তাপসদার মাধ্যমেই আমি কুন্তলকে চিনি। চার মাসও হয়নি আমাদের পরিচয় হয়েছে। বাঁকুড়ার বনবীথিতে গিয়ে পরিচয়। টাকা পেত তাপসদা। তাপসদার খুব শরীর খারাপ ছিল। তাই আমায় সঙ্গে নিয়ে গিয়েছিল। সেই থেকে পরিচয়।”

ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডল। কুন্তল গ্রেফতার হওয়ার পর তাপস মণ্ডল দাবি করেছিলেন, চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা নেন কুন্তল। একদিনে নেননি সেই টাকা বলেও দাবি করেন তিনি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পাঁচ বছর ধরে টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন। পাল্টা কুন্তলের দাবি ছিল, “বেআইনিভাবে অফলাইন ভর্তি নিয়ে মুখ খুলব বলায় আমার ছেলেকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিল তাপস মণ্ডল। দয়া করে আমার দলকে এর মধ্যে জড়াবেন না।”

মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ সূত্রের দাবি, কুন্তলের কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন নীলাদ্রি। সেই টাকা তিনি নিজের পকেটে ভরে নেন। তবে নীলাদ্রি টিভি নাইন বাংলাকে জানান, তিনি কুন্তলের কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন। তবে তা তাপস মণ্ডলকে দিয়েও দেন। তিনি বলেন, “টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তাপসদা ইডি অফিসেও বলেছে। তাপসদা যাদের বলেছে সকলকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা টাকা পেয়েছে, যাদের ইডি অফিসে ডেকেছিল তারাও বলেছে টাকা ফেরত পেয়েছে।”

Related Articles

Back to top button