মোদীকে স্বাগত জানাতে ভিলওয়াড়াতে জমায়েত হাজার হাজার জনতার

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাজস্থানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভগবান দেব নারায়ণের ১১১১ তম জন্মবার্ষিকীতে যোগ দিতেই রাজস্থানের ভিলওয়াড়ায় মালাসেরিতে পা রাখলেন তিনি। আর এ দিন ভিলওয়াড়াতে প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার জনতা। সেখানে প্যান্ডেলে বাইরে একাধিক জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভিডিয়োতে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষের দিকে হাত নাড়াচ্ছেন মোদী।
এ দিন ভিলওয়ারার মালাসেরি ডুঙ্গি মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভিলওয়াড়াতে উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, “ভারত শুধু কোনও ভূমির অংশই নয়। বরং এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি ও সম্ভাবনারও বহিঃপ্রকাশ। এই কারণেই ভারত তার গৌরবময় ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। এর পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হল আমাদের সমাজের শক্তি, দেশের কোটি কোটি মানুষের শক্তি।”
তিনি এ দিন আরও বলেন, “আমরা আমাদের হাজার বছরের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের বেশ কয়েকটি সভ্যতা শেষ হয়ে গিয়েছে। ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক ও মতাদর্শগতভাবে ভারতকে ভেঙে ফেলার বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও শক্তিই ভারতকে শেষ করতে পারেনি।”
প্রসঙ্গত, এ বছরই বিধানসভা নির্বাচন কংগ্রেস শাসিত রাজস্থানে। আর তার আগে চলতি বছরে এই প্রথম রাজস্থান সফরে এলেন প্রধানমন্ত্রী। আর রাজস্থানের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল গুজ্জর ভোট। শাসক দল কংগ্রেসের পাশাপাশি বিজেপিও এই সম্প্রদায়ের ভোট নিজেদের ঘরে আনতে তৎপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কারণেই গুজ্জরদের অন্যতম পূজনীয় ভগবান দেব নারায়ণের ১১১১ তম জন্মবার্ষিকীতে মালাসেরিতে এলেন মোদী। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে মোদীর এই সফরের আয়োজন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের এর সঙ্গে কোনও যোগাযোগ নেই।


