এনসিসির ৭৫ বর্ষপূর্তিতে ৭৫ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করলেন মোদী

নিজস্ব সংবাদদাতা : ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ন্যাশনাল ক্যাডেট কর্পসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার এই মুদ্রা প্রকাশ করেন তিনি। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস ক্যাম্পের সমাপ্তি হিসেবে শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রত্যেক বছরই দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে কুচকাওয়াজ করেন এনসিসি ক্যাডেটরা। সেই অনুষ্ঠানেই গতকাল অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গার্ড অব অনার পরিদর্শন করে দেখেন এবং এনসিসি কন্টিনজেন্টের কুচকাওয়াজ পর্যালোচনা করেন। এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই এই মুদ্রা প্রকাশ করেন মোদী।
সরকারি বিবৃতি অনুযায়ী, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৯ টি দেশের মোট ১৯৬ জন আধিকারিক ও ক্যাডেটকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গত ৭৫ বছর ধরে দেশের জন্য কাজ করার তাঁদের স্পৃহা ও সঙ্কল্পের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, “এনসিসি গঠনের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। যাঁরা গত ৭৫ বছর ধরে এনসিসি-র প্রতিনিধি ছিলেন তাঁরা সবাই এর অংশ। দেশ গঠনে তাঁদের এই অবদানের প্রশংসা করি। এনসিসি ক্যাডেটদের দৃঢ় সঙ্কল্প এবং সেবার চেতনায় ভারত গর্বিত।”
এ দিন মোদীর কণ্ঠে ফের একবার দেশের তরুণদের প্রশংসা শোনা গেল। তিনি জোর দিয়ে বলেছেন, যুবশক্তিই ভারতের চালিকা শক্তি। তিনি আরও বলেন, গোটা বিশ্বের এখন ভারতের দিকে তাকিয়ে থাকার অন্যতম কারণই হল দেশের যুব সমাজ। তিনি এ দিন বলেন, “ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের সংস্কারের ফলে দেশের যুবসমাজ উপকৃত হচ্ছে। গত আট বছরে পুলিশ ও আধাসামরিক বাহিনীতে আমাদের মেয়েদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি, সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় নারীদের মোতায়েন করা হয়েছে।” তিনি আরও বলেছেন, “সীমান্ত এলাকা ও উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষ এনসিসির জন্য মনোনীত হয়েছেন। এত বিশাল যুবশক্তি যখন দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চায় তখন কোনও লক্ষ্যই অসম্ভব হবে না।”


