স্বাস্থ্য ও শিক্ষা

‘আমাকেও ফিজিওথেরাপি করাতে হয়’, দেশকে ‘ফিট’ ও ‘সুপারহিট’ করার মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিজিওথেরাপি। সম্প্রতিই চিকিৎসা ব্যবস্থার এই ক্ষেত্রকে পেশার সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ, শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী দেশের সমস্ত ফিজিওথেরাপিস্টদের অভিনন্দন জানান এবং চিকিৎসা ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও খেলো ইন্ডিয়া মুভমেন্ট ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। সুস্বাস্থ্যের জন্য সাধারণ মানুষের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাসনের পাশাপাশি ফিজিওথেরাপি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে। কোনও চোট, ব্য়াথার ক্ষেত্র যুব থেকে বৃদ্ধ, খেলোয়াড়, সকলের যাবতীয় সমস্যা দূর করেন ফিজিওথেরাপিস্টরা। কঠিন সময়ে আশার আলো, সুস্থ হয়ে ওঠার আশা হয়ে উঠছেন তারা।”

যখন কোনও ব্যক্তি হঠাৎ আঘাত পান বা দুর্ঘটনাগ্রস্ত হন, তখন শুধুমাত্র শারীরিক চোটই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন। শারীরিক প্রতিবন্ধকতাও তৈরি হয়। ফিজিওথেরাপি শুধু শারীরিকভাবে সুস্থই করে না, মানসিক শক্তিও জোগায়।আমাকেও মাঝেমধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়।আপনাদের পেশা থেকে, পেশাদারিত্ব থেকে প্রেরণা পাওয়া যায়। নিজেদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এটা শিখেছেন যে চ্যালেঞ্জের থেকে অনেক বেশি মজবুত হয় আপনাদের ভিতরের ক্ষমতা। সামান্য উৎসাহ ও সাহায্যেই কঠিন থেকে কঠিনতর প্রতিবন্ধকতাকে হার মানানো সম্ভব।আমাদের দেশে গরিব মানুষদের একটা সমর্থনের প্রয়োজন ছিল, যা তাদের সমস্ত সমস্যা দূর করবে। মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়া হোক, শৌচালয় তৈরি বা বাড়ি বাড়ি জল পৌছে দেওয়া, এমন অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেশের অগুনতি মানুষের সমস্যা দূর করেছি। এর ফলাফলও আমরা দেখতে পাচ্ছি। দেশের গরিব মানুষেরা স্বপ্ন দেখা ও তা পূরণ করার সাহস দেখাচ্ছেন।

সবথেকে ভাল ফিজিওথেরাপি তিনি হন, যিনি রোগীর সমস্য়া বুঝে চিকিৎসা করেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনার পেশাই আপনাকে আত্মনির্ভরতা শেখায়। মানুষকে আত্ননির্ভর করাই আপনাদের লক্ষ্য। একজন ফিজিওথেরাপিস্ট এটাও জানেন যে যখন চিকিৎসক ও রোগী মিলিতভাবে চেষ্টা করেন, তখনই সুস্থ হয়ে ওঠা সম্ভব। একইভাবে সরকারের কাজও পরিচালিত হয়। জনগণের সমর্থনেই সরকারের সাফল্য সম্ভব।ফিজিওথেরাপির সবথেকে বড় শর্ত হল নিয়মানুবর্তিতা বজায় রাখা। উৎসাহে অনেকে ফিজিওথেরাপি শুরু করলেও পরে তা জারি রাখেন না। আপনারা সেখানে নিশ্চিত করেন যে গুরুত্বপূর্ণ শরীরচর্চা যেন নিয়মিত করা হয়। সরকারও একইভাবে নিরন্তর প্রচেষ্টা জারি রাখে।

বর্তমানে দেশ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে আজাদির অমৃত মহোৎসব পালন করছে। আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার ফিজিওথেরাপিকে পেশার স্বীকৃতি দিয়েছে। বিগত ৭৫ বছর ধরে ফিজিওথেরাপিস্টরা এই উপহারের অপেক্ষা করছিলেন। এতে দেশের স্বাস্থ্য় পরিকাঠামোয় আপনাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিদেশেও কাজ করার সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে।আগে আমাদের পারিবারিক চিকিৎসক থাকত। এখন পারিবারিক ফিজিওথেরাপিস্টও থাকে। আমার আপনাদের কাছে আবেদন, ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার দায়িত্ব নিন। আমার মতে, ফিজিওথেরাপির সঙ্গে যদি যোগাসন যুক্ত হয়, তবে তা আরও কার্যকরী হয়ে উঠবে। আপনাদের পেশাদারিত্বও বাড়বে। টেলিমেডিসিনেরও ব্যবহার করা উচিত।তুরস্কে এত বড় ভূমিকম্প হয়েছে, সিরিয়াতেও তার প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আপনারা মোবাইলের মাধ্য়মেই অনেক ধরনের সাহায্য করতে পারেন। আমার বিশ্বাস, আপনাদের মতো বিশেষজ্ঞদের নেতৃত্বে ভারত ফিটও হবে, সুপারহিটও হবে।

Related Articles

Back to top button