রাজ্য

সরকারি মদের দোকান ভাঙচুর চালালো স্থানিয় প্রমীলা বাহিনী

মহিষাদলঃ লকডাউনের জেরে বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে এলাকার সরকারী মদের দোকান। কিন্তু সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকার দু’তরফেই সরকারী অনুমোদনপ্রাপ্ত মদের দোকান খোলার নির্দেশ জারি করেছে। আর এরপরেই বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা। ইতিমধ্যে মদ দোকান খোলার বিরুদ্ধে পথে নেমেছে এসইউসিআই। বিভিন্ন জেলায় এই সংগঠনের তরফ থেকে মদ দোকান খোলার প্রতিবাদ জানানো হচ্ছে। তাঁদের দাবী, মানুষের রোজগার, খাদ্য সুনিশ্চিত করার পরিবর্তে মদ দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে তার একাধিক নিদর্শন উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে। একই ভাবে সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামেও মদ দোকান খোলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার প্রমীলা বাহিনী। মহিলাদের দাবী, মদ দোকান খোলার জেরে পরিবারে অশান্তি চরমে উঠেছে। তাই এদিন সকাল থেকেই লাঠিসোটা নিয়ে মহিলাদের বাহিনী অমৃতবেড়িয়ার একমাত্র সরকারী মদ দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। সূত্রের খবর, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই এলাকায় দোকান খোলাকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার প্রতিবাদ হয়েছে। এই মদের দোকান পাকাপাকি ভাবে তুলে দেওয়ার জন্য এলাকার মহিলারা এদিনও সরব হয়েছেন। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে বন্ধ রাখা হয়েছে মদের দোকানটি।

Related Articles

Leave a Reply

Back to top button