জাতীয়

কিল, চড়, ঘুষি, লাথি; একটি ভোটের জন্য ‘কুস্তির আখড়া’ দিল্লি পুরসভা

নিজস্ব সংবাদদাতা: কোনও পৌর সংস্থার কার্যালয় না কুস্তির আখড়া বোঝার উপায় নেই। লাথি, ঘুষি, কিল, চড় – বাকি রইল না কিছুই। দিল্লির পুরসংস্থার কার্যালয়ের ভিতরে ফের গুরুতর সংঘর্ষে জড়ালেন আম আদমি পার্টি এবং বিজেপি কাউন্সিলররা। ছয় সদস্যের এক পৌর কমিটি গঠনের সময় দিল্লির নবনির্বাচিত মেয়র শেলি ওবেরয় একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন। মেয়রের এই পদক্ষেপের জেরে ভোট গণনায় বাধা সৃষ্টি করে বিজেপির কাউন্সিলররা। মেয়র সাফ জানান, ওই অবৈধ ভোট বাদ দিয়েই ফলাফল ঘোষণা করা হবে। এরপরই, কক্ষের মধ্যে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুই দলের কাউন্সিলররা চিৎকার করতে করতে একে অপরকে ঘুষি, লাথি, চড় এবং ধাক্কাধাক্কি করা শুরু করেন। বেশ কয়েকজন কাউন্সিলরের কুর্তাও ছিঁড়ে গিয়েছে। একজন জ্ঞানও হারান।

বিজেপির দাবি, মেয়র যে ভোটটি অবৈধ বলে বাতিল করেছেন, সেটি বৈধ ভোট। ভোটটি বাতিল করলে আপ প্রার্থীই জয়ী হবেন। আর সেই কারণেই ইচ্ছা করে নির্বাচন কমিশনের নির্ধারিত গণনার নিয়ম উপেক্ষা করেছেন মেয়র, এমনই দাবি করেছে গেরুয়া শিবির। অন্যদিকে আপ বিধায়ক অতীশি বলেছেন, “এমসিডিতে, গোটা দেশকে বিজেপি দেখিয়ে দিয়েছে তারা একটি গুন্ডাদের দল। ভোটে হেরেছে জেনেই বিজেপি আক্রমণ শুরু করে। বিজেপির কাউন্সিলররা টেবিলে উঠে মেয়রকে হুমকি দেয়।” দিল্লির প্রথম মহিলা মেয়রের প্রাণ সংশয় হওয়ার উপক্রম হয়েছিল বলে দাবি করেন অতিশি।

দিল্লি পুর কর্পোরেশনের স্থায়ী কমিটির ছয় সদস্যকে বেছে নেওয়ার জন্য এদিন দিল্লি পুরসভার ২৫০ জন কাউন্সিলরের মধ্যে অন্তত ২৪২ জন ভোট দেন। গণনার পর, মেয়র একটি ভোট অবৈধ বলে ঘোষণা করেন এবং ফের ভোট গণনা করার নির্দেশ দেন। কিন্তু, আপ এবং বিজেপির কাউন্সিলররা টেবিলে উঠে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিজেপি কাউন্সিলররা মেয়র সজ্ঞানে নেই বলে কটাক্ষ করেন। কয়েকজন ‘জয় শ্রী রাম’ এবং ‘মোদী মোদী’ বলে স্লোগান দিতে থাকেন। আপ থেকে পাল্টা ‘আম আদমি পার্টি জিন্দাবাদ’, ‘অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ’ বলে স্লোগান তোলেন। বিজেপি কাউন্সিলররা জানান, তাঁরা পুনঃগণনা করতে দেবেন না। এরপরই মেয়র শেলি ওবেরয় বলেন, “এক পক্ষ পুনঃগণনার জন্য প্রস্তুত, অন্য পক্ষ নয়। তাই আমি ভোট পুনঃগণনা করছি না। অবৈধ ভোটটি ছাড়াই ফলাফল ঘোষণা করা হচ্ছে।”

স্থায়ী কমিটির ছয়জনের পদের জন্য মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আপের পক্ষ থেকে মনোনীত করা হয় আমিল মালিক, রামিন্দর কওর, মোহিনী জিনওয়াল এবং সারিকা চৌধুরীকে। আর বিজেপি প্রার্থী করে কমলজিৎ সেহরাওয়াত, পঙ্কজ লুথরা এবং নির্দল হিসেবে লড়ে পরে বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর গজেন্দর সিং দারালকে।

Related Articles

Back to top button