আন্তর্জাতিক

পুতিনকে তাঁর ঘনিষ্ঠরাই হত্যা করবে, বিস্ফোরক ইউক্রেন প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনকে তাঁর ঘনিষ্ঠরাই হত্যা করবে। এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট  ভোলোদিমির জেলেনস্কি। সম্প্রতি প্রকাশিত এক তথ্যচিত্রে এই দাবি জানিয়েছেন জেলেনস্কি। তাঁর কথায়, “শিকারীরা মিলে একটা শিকারীকে গ্রাস করবে।” ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে বিশ্বের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেনের বর্ষপূর্তিতে ভোলোদিমির জেলেনস্কিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়ে হয়েছে। ‘ইয়ার’ শিরোনামের ওই তথ্যচিত্রেই রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলেনস্কি। মূলত ‘ইউক্রেন যুদ্ধে জিতলে তাঁরা একটি জাতি হিসাবে টিকে থাকতে পারবে না’ বলে অনুগত নাগরিকদের সতর্ক করে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সেই মন্তব্যের পরই প্রকাশ্যে এল ইউক্রেন প্রেসিডেন্টের চাঞ্চল্যকর মন্তব্য।

ওই তথ্যচিত্রে জেলেনস্কি আরও বলেছেন, “একটা সময় আসবে যখন পুতিনের দুর্বল শাসনের প্রভাব গোটা রাশিয়ায় পড়বে। তখন শিকারীরা মিলে একটা শিকারীকে গ্রাস করবে। তারপর ওই খুনিকে (পুতিন) খুন করার কোনও না কোনও কারণ তাঁরা ঠিক বের করবেন।” তবে কবে সেই দিন আসবে তা নিশ্চিত করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে কোনও অবস্থাতেই জমি ছাড়া হবে না বলে দাবি জানিয়েছেন জেলনস্কি।

টুইটারে রীতিমতো হুঙ্কারের সঙ্গে ভোলোদিমির জেলেনস্কি দাবি জানিয়েছেন, “এটা আমাদের জমি। আমাদের লোক। আমাদের ইতিহাস। আমরা ইউক্রেনের প্রতিটি কোণে ইউক্রেনের পতাকা ফিরিয়ে দেব।”

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া সেনা ও শাসকদলের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের উপর ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং পুতিনের ঘনিষ্ঠরাই তাঁর উপর ক্ষুব্ধ হয়ে পড়ছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হল। টানা একবছর ধরে এই যুদ্ধে ইউক্রেনের বহু সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে, অনেকে ঘরছাড়া হয়েছেন, অনেকে পরাধীন হয়েছেন, তেমনই বহু রাশিয়ান সেনারও মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button