রাজ্য

মিটল দোভাষীর জট, হাঁসখালি-কাণ্ডে সাক্ষ্য দেবেন নির্যাতিতার মা

নিজস্ব সংবাদদাতা: অবশেষে কাটতে চলেছে হাঁসখালি মামলার জট। রানাঘাট মহকুমা আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার মৃতার মায়ের সাক্ষ্য গ্রহণ করা হবে। গত ৪ ফেব্রুয়ারি রানাঘাট মহকুমা আদালতে মৃতার মাকে সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর আইনজীবীর হিন্দি ভাষায় প্রশ্ন বুঝতে পারেননি মৃতার মা। উল্টোদিকে মৃতার মায়ের বাংলা ভাষায় উত্তর বুঝতেও বেশ বেগ পেতে হয়েছিল সিবিআই-এর আইনজীবীকে। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি এই ভাষাগত সমস্যার কারণেই মৃতার মায়ের বয়ান রেকর্ড করা যায়নি, তাই এই সমস্যার সমাধানের জন্য পিটিশন দাখিল করা হয়েছিল।

১৫ ফেব্রুয়ারি আদালতে পিটিশন দাখিল করেছিলেন আইনজীবীরা। সেই পিটিশনকে ১৬ ফেব্রুয়ারি সমর্থন জানিয়েছিলেন সিবিআই পক্ষের আইনজীবী। এরপরই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, ২৭ ফেব্রুয়ারি মধ্যে সিবিআই-কে এই ভাষা বিভ্রাট দূর করার জন্য দোভাষী নিয়োগ করতে হবে। কিন্তু সেই দিনের মধ্যেও কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা দোভাষী নিয়োগ করতে ব্যার্থ হয়।

আদালতের নির্দেশ ছিল, ২ মার্চ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সিবিআই-কে নির্দিষ্টভাবে আদালতে জানাতে হবে যে তাঁরা দোভাষী নিযুক্ত করতে পেরেছেন। সেই সময়ের মধ্যেই সময়েই তদন্তকারী সংস্থা দোভাষী নিয়োগ করেছেন এবং আদালতকে জানিয়েছেন। আর এই দোভাষী বিভ্রাট মিটে যাওয়ার ফলে ৪ মার্চ শনিবার হতে চলেছে হাসখালির ঘটনায় মৃতার মায়ের বয়ান রেকর্ড বা সাক্ষ্য গ্রহণ।

গত বছর এপ্রিল মাসে নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পকসো আইনে মামলা রুজু হয়। নাবালিকার মৃত্যুর পর চাইল্ড লাইনের সহযোগিতায় নির্যাতিতার পরিবার ঘটনার চার দিন পর অভিযোগ দায়ের করতে পারে। এই ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Back to top button