মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বললে জিভ কেটে নেওয়া হবে, নিদান ইদ্রিসের

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলা হলে, জিভ কেটে নেওয়া হবে। হুমকি তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির । কৌস্তভের গ্রেফতারি বিতর্কে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার করলে, তার হাত পা জিভ কেটে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জনসমর্থন জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে কত মানুষ ভালোবাসেন। অদ্বিতীয় তিনি, তিনি একজন জনপ্রিয় নেত্রী বলে জানান ইদ্রিস আলি। সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল নিয়ে সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য আর তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, শেষ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির মন্তব্য- গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। মধ্যরাতে কংগ্রেস নেতার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ। যদিও ৮ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান কংগ্রেস নেতা। জামিন পেয়ে মাথা মুড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। কংগ্রেস নেতার গ্রেফতার নিয়ে জোর জলঘোলা তৈরি হয় রাজনৈতিক মহলে। কৌস্তভের গ্রেফতারির তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিকেও। কৌস্তভের লড়াইকে কুর্নিশ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় কৌস্তভ বাগচিকে সামাজিক বয়কট করার দাবি তোলে তৃণমূলের সমর্থকরা। পোস্টারও পড়ে। এই আবহেই তৃণমূলর বিধায়কের হুঁশিয়ারি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। উল্লেখ্য, এর আগেও বিজেপি কর্মীদের জিভ কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইদ্রিস আলি।



