জাতীয়

আকাশপথে যুদ্ধের নেতৃত্বে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি, নারী দিবসের ঠিক আগে বায়ুসেনার ইতিহাস

নিজস্ব সংবাদদাতা: বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক মহিলা দিবস। ঠিক তার এক দিন আগে,মঙ্গলবার নতুন ইতিহাস লিখল ভারতীয় বায়ুসেনা (IAF)। প্রথমবারের মতো, একটি ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ড তুলে দেওয়া হল এক মহিলা অফিসারের হাতে। এদিন, পশ্চিম সেক্টরে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিট, মিসাইল স্কোয়াড্রনের কমান্ড নেওয়ার জন্য গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে মনোনীত করা হল। চলতি মাসের শুরুতেই সশস্ত্র বাহিনী মেডিকেল স্ট্রিমের বাইরে মহিলা অফিসারদের কমান্ডের ভূমিকা দেওয়ার শুরু করেছে। নর্দার্ন এবং ইস্টার্ন – দুই কমান্ডেই ৫০টি ফরোয়ার্ড এলাকা-সহ প্রায় ৫০টি অপারেশনাল এলাকায় ইউনিট প্রধানের দায়িত্ব মহিলা আধিকারিকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের সঙ্গে সমঞ্জস্য রেখেই পশ্চিম সেক্টরে মিসাইল স্কোয়াড্রনের কমান্ডার করা হল গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে।

২০০৩ সালে হেলিকপ্টার পাইলট হিসেবে বাহিনীতে নিয়োগ পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি। আইএএফ-এর গ্রুপ ক্যাপ্টেন পদ, সেনাবাহিনীর কর্নেলের পদের সমতুল্য। তাঁর ২,৮০০ ঘণ্টারও বেশি সময় ধরে কপ্টার-বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করার যোগ্যতাও রয়েছে তাঁর। এর আগে পশ্চিম সেক্টরে একটি হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে দুইবার তিনি এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফের বিশেষ প্রশংসা পেয়েছেন। বর্তমানে এই অফিসার একটি ফ্রন্টলাইন কমান্ড হেডকোয়ার্টার্সের অপারেশন শাখায় নিযুক্ত আছেন।

পঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেছিলেন এই গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি। ২০০৩ সালে হ্যাল-এর তৈরি এইচপিটি-৩২ দীপক হেলিকপ্টারে প্রথম তিনি একক উড়ান লাগিয়েছিলেন। ২০০৫-এ শালিজা ধামি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছিলেন। ২০০৯-এ স্কোয়াড্রন লিডার হন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি উইং কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। ২০১৯ সালের অগাস্টে তিনি ভারতের প্রথম মহিলা অফিসার হিসেবে ফ্লাইট কমান্ডার পদে নিযুক্ত হয়েছিলেন। দিল্লির কাছে অবস্থিত উত্তর প্রদেশের হিন্দন এয়ার ফোর্স স্টেশনে চেতক হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের পদে ছিলেন তিনি। সেই সঙ্গে তিনি আইএএফ-এর প্রথম মহিলা ফ্লাইং প্রশিক্ষক এবং ফ্লাইং শাখায় স্থায়ী কমিশন পাওয়া প্রথম মহিলা অফিসারও বটে।

Related Articles

Back to top button