রাজ্য

‘তৃণমূল নেতাদের জামার কলার ধরে টাকা আদায় করুন’, মন্তব্য বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা: সাংসদের উপস্থিতিতেই দলীয় মঞ্চ থেকে শাসকদলের নেতা কর্মীদের হাত-পা ভাঙার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তারপর দিয়েছিলেন ‘দিদির দূত’দের ঝাঁটাপেটা করার নিদানও। এবার বাঁকুড়ার ওন্দার সেই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায়ের পরামর্শ দিলেন আম জনতাকে। বুধবার বাঁকুড়ার ওন্দা বাজারে বক্তব্য রাখতে ওঠেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই, টাকা নেই। অথচ তৃণমূলের নেতা নেত্রীদের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। রাজ্যের মানুষের মাথা পিছু ঋণ বাড়তে বাড়তে ৬০ হাজার টাকায় পৌঁছেছে। এই অবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূলের বড় নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করে সেই ঋণ সরকার পরিশোধ করুক।” তাঁর আরও সংযোজন, “আমরা শোধ নেব অন্যভাবে। সরকার বদলের সঙ্গে সঙ্গেই এই শোধ নেওয়া হবে। হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।” নিজের বিধায়ক উন্নয়ন তববিলের টাকা খরচ নিয়েও এদিন প্রশাসনকে একহাত নেন বিধায়ক। তিনি বলেন, “বিজেপির বিধায়ক, সাংসদদের তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। ইচ্ছে করে সেই টাকা খরচে গড়িমসি করছেন জেলা শাসক ও বিডিওরা।” আবাস-সহ একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার শাসকদল। আবাস নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ।

যদিও এই ইস্যুতেই রাজ্যের বক্তব্য কেন্দ্রের টাকা না আসাতেই থমকে যাচ্ছে বাংলার উন্নয়নের কাজ। ইতিমধ্যেই আবাস ইস্যুতে কেন্দ্রকে চিঠি করেছে কেন্দ্র। আর সেই ইস্যুতেই শাসকদলকে বিঁধতে সরব বিজেপি বিধায়ক। যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বক্তব্য, “বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই ওই বিজেপি বিধায়ক এমন উল্টোপাল্টা কথা বলছেন। এতে বিজেপির কোনও লাভ হবে না।”

অমরনাথ শাখার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃনমূল। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলকে বিজেপি এতটাই ভয় পেয়েছে যে, এখন তাঁরা পাগলের প্রলাপ বকছেন।”

Related Articles

Back to top button