রাজ্য

বিজেপির দুর্নীতি নিয়ে প্রদর্শনী করলে ব্রিগেড ভাড়া করতে হবে: কুণাল

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতির অভিযোগে প্রতিনিয়ত অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। বিশেষত চাকরি বাতিলের তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকায়। বিরোধীদের আক্রমণের সুযোগ বেড়েছে আরও। সম্প্রতি চাকরি চুরি নিয়ে ‘প্রদর্শনীও’ করেছে বিজেপি। যাঁদের বিরুদ্ধে বেআইনি নিয়োগ সংক্রান্ত অভিযোগ উঠেছে, তাঁদের ছবি প্রদর্শন করা হয় বিধানসভায়। আগামিদিনেও এমন কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিজেপির। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, দুর্নীতির অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধেই কম নেই। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে যা অভিযোগ, তা নিয়ে প্রদর্শনী করতে গেলে আমাদের ব্রিগেড ভাড়া করতে হবে।’

 

চিংড়িহাটায় STF-র তল্লাশিতে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা, আটক দম্পতির সরাসরি যোগ মিলল মাদক ব্যবসায়

 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি বলছে প্রদর্শনী করবে, করুক। তার আগে জেনে রাখুন, আপনাদের দলীয় কার্যালয় থেকে প্রকাশ করা শুভেন্দু অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার যে ছবি  রয়েছে, তা যেন প্রথমে থাকে। দ্বিতীয় ছবি যেন থাকে, নিশীথ প্রামাণিকের।’ এরপরই তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যা অভিযোগ, এখানে তা নিয়ে প্রর্দশনী করলে আমাদের ব্রিগেড ময়দান ভাড়া করতে হবে।’

বিধানসভায় পোস্টার নিয়ে বিজেপি নেতা-নেত্রীদের স্লোগান দিতে দেখা যায় কয়েকদিন আগে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘এই পোস্টার গ্রামে গ্রামে টাঙানো উচিত। মানুষকে জানানো উচিত কাদের বিধানসভায় পাঠিয়েছেন তাঁরা।’

অন্যদিক, নিয়োগ মামলায় বৃহস্পতিবার সিবিআইকে ভর্ৎসনা করা হয়েছে শুনে কুণাল ঘোষ বলেন, আদালত যদি এভাবে পর্যবেক্ষণ করবে, তাহলে তদন্তে রাজ্য পুলিশই যথেষ্ট ছিল। সিবিআই-এর কোনও প্রয়োজন ছিল না বলে উল্লেখ করেছেন তিনি। তবে ভুল করলে যে শাস্তি পেতেই হবে, এ কথা ফের একবার বলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, দলের কেউ দুর্নীতিতে জড়ালে রেয়াত করবে না দল।

Related Articles

Back to top button