রাতভর কাজ করে গিয়েছেন কর্মচারী, ভোরে মেশিন চালাতেই বিকট শব্দ, ক্ষতবিক্ষত হয়ে গেল মালিকের দেহ

বসিরহাট: এমব্রয়ডারি কারখানার কম্প্রেসার সিলিন্ডার ফেটে মৃত্যু হল কারখানার মালিকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বরুন ঘোষ (৩৬)। তাঁর বাড়ি দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের নূরনগর ঘোষপাড়ায়। পুলিশ তদন্ত করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নূরনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রামে বরুণের একটি কম্পিউটার চালিত এমব্রয়ডারি কারখানা আছে। শনিবার সারারাত ওই কারখানায় একজন কর্মচারী কাজ করেছেন। ভোরবেলা ওই কর্মচারী মেশিন বন্ধ করে চলে যান।
চিতার ‘গ্রাম-সফর’, কুনো জাতীয় উদ্যান ছেড়ে লোকালয়ে ‘বিদেশি অতিথি’
সকালে কারখানার মালিক বরুণ নিজে যান মেশিন চালাতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কারখানা খোলার কিছুক্ষণ পরই একটা বিকট আওয়াজ হয়। আওয়াজ শুনে গ্রামের লোকজন ওই কারখানায় যান। তারা দেখেন মেশিনের কম্প্রেসার সিলিন্ডার ফেটে গিয়েছে। পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বরুণ। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে প্রথমে বারাসত হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হয় পরে সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বরুণের। খবর পেয়ে ঘটনাস্থলে যান দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
কীভাবে ওই মেশিনটি ফেটে গেল, কোনও যান্ত্রিক গোলযোগ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গ্রামবাসীরা।



