আন্তর্জাতিক

থাইল্যান্ডে কাজে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, দেহ ফেরাতে ৩ লক্ষ টাকা দাবি এজেন্টের, কপালে হাত পরিবারের

পূর্ব মেদিনীপুর: থাইল্যান্ডে কাজে গিয়েছিলেন। আচমকাই বাড়িতে খবর আসে, ‘আর নেই’। প্রিয়জনকে হারিয়ে যখন দিশাহারা রামনগরের শেখ শাহিদের পরিবার। তখন আরও বড় বাজ পড়ে মাথায়। দেহ ফেরাতে ৩ লক্ষ টাকা দাবি করার অভিযোগ পরিবারের। টাকার অভাবে মৃতদেহ ফিরিয়ে আনতে পারছেন না বলে অভিযোগ বাড়ির লোকজনের। এই ঘটনায় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির কাছে আবেদনও জানিয়েছেন বাড়ির লোকেরা। সংসারের মুখে হাসি ফোটাতে ঘর ছেড়ে ভিনদেশে গিয়েছিলেন গাঁয়ের ছেলে। তাঁর মৃত্যু নিয়ে রহস্য কাটছে না পরিবারের। তার উপর আবার দেহ ফেরাতে এজেন্টের এত টাকার দাবি!

রামনগর বিধানসভা এলাকার বারাঙা গ্রামের বাসিন্দা শেখ শাহিদ। ২৯ বছর বয়স। গত ৫ মার্চ থাইল্যান্ডে যান তিনি। বাড়ির লোকজনের দাবি, একটি হোটেলে কাজ পেয়েছিলেন। কিন্তু গত ২৮ মার্চ রামনগরের বাড়িতে মৃত্যুসংবাদ আসে। অভিযোগ, দেহ ফেরাতে ৩ লক্ষ টাকা দাবি করেছেন এজেন্ট। তাই ১৬ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত বাড়িতে দেহ ফেরানো যায়নি।

বাড়ির লোকের দাবি, যে এজেন্ট মারফত শেখ শাহিদ থাইল্যান্ডে গিয়েছিলেন, তাঁরাই এখন ৩ লক্ষ টাকা চাইছেন। তাহলে বাড়ি পর্যন্ত তাঁরা দেহ পৌঁছে দেবে। কীভাবে মারা গেলেন এই যুবক তা নিয়েও ধন্দে বাড়ির লোকেরা। বাড়ির লোকজনের দাবি, এই কয়েকদিনের মধ্যে কীভাবে শাহিদ অসুস্থ হলেন, কীভাবে মারা গেলেন পুরো ঘটনাই সন্দেহজনক।

 

উপবাস সন্তান উৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে, গবেষণায় নয়া তথ্য

 

 

ওই এজেন্ট তাঁদের জানিয়েছেন, হঠাৎই পেটে ব্যথা হয় শাহিদের। এরপরই মারা যান তিনি। নিহতের পরিবারের কথায়, ওই এজেন্ট প্রথমে বলেছিলেন ১০ হাজার টাকা দিলে দেহ বাড়িতে পৌঁছে দেবেন। সেই টাকা দেওয়ার পর এখন ৩ লক্ষ টাকা দাবি করছেন।

দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে কোনওভাবেই এই টাকা দেওয়া সম্ভব নয়। ১০ হাজার টাকাই কোনওমতে চেয়েচিন্তে এনেছিলেন। ৩ লক্ষ টাকা জোগাড়ের কথা ভাবতেও পারেন না তাঁরা। কীভাবে স্বামীর পাথর শরীরটাকে শেষবারের মতো ঘরে ফেরাবেন, ভেবে কূল পাচ্ছেন না স্ত্রী। মন্ত্রী অখিল জানান, সরকারিভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related Articles

Back to top button