রাহুল গান্ধীর বাংলো খালির প্রক্রিয়া শুরু, ট্রাকে করে কোথায় সরানো হচ্ছে ব্যবহৃত সামগ্রী?

নয়া দিল্লি: নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলো খালি করে দেবেন বলে সংসদের সচিবকে জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই প্রতিশ্রুতি মোতাবেক এবার তুঘলক লেনের অফিসিয়াল বাংলোটি খালি করার প্রক্রিয়া শুরু করলেন রাহুল গান্ধী। পয়লা বৈশাখের আগের দিন, শুক্রবার ১৪ এপ্রিল রাহুল গান্ধীর বাংলো থেকে জিনিসপত্র ট্রাকে তুলে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হল। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
ভাইরাল ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ১২ নম্বর তুঘলক লেনে রাহুল গান্ধীর বাংলোর সামনে হাজির হয়েছে একটি বড় ট্রাক। বাংলোর ভিতর থেকে বিভিন্ন সামগ্রী কাঁধে করে বের করে নিয়ে এসে ওই ট্রাকে তুলে দিচ্ছে কয়েকজন। তারপর সামগ্রীতে ভর্তি ট্রাকটি সোজা চলে যাচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সদ্য পদচ্যুত কংগ্রেস সাংসদের এভাবে বাংলো খালি করা দেখতে সেখানে অনেকেই ভিড় জমিয়েছেন। শুধু ভিড় জমানো নয়, পুরো ঘটনা ক্যামেরা বা মোবাইলে বন্দি করছেন বহু সাধারণ মানুষ।
‘সারেগামাপা’র নোবেলকে ভুলে যেতে চাই’, ‘ধার করা জনপ্রিয়তা’ নিয়ে চাঁচাছোলা গায়ক
কংগ্রেস সূত্রের খবর, শুক্রবার থেকেই রাহুল গান্ধী সরকারি বাংলোটি খালি করতে শুরু করলেন। আপাতত রাহুল গান্ধীর ব্যবহৃত সামগ্রী ১০ জনপথে তাঁর মা সোনিয়া গান্ধীর বাংলোতে রাখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলোটি সম্পূর্ণ খালি করে দেওয়া হবে এবং সরকারকে ছেড়ে দেওয়া হবে বলে রাহুল গান্ধীর অফিস সূত্রের খবর।
প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সুরাট আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। তাঁর দু-বছরের কারাদণ্ডও দিয়েছে আদালত। যদিও বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে পাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ। এর দু-দিন পরই সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেয় লোকসভা হাউসিং কমিটি। আগামী ২২ এপ্রিলের মধ্যে বাংলোটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। রাহুল গান্ধী চক্রান্তের শিকার তোপ দেগে তাঁর জন্য নিজের বাংলো ছেড়ে দিতে প্রস্তুত বলে জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেসের অন্যান্য প্রবীণ নেতারাও রাহুল গান্ধীকে বাংলো খালি করার নোটিশ দেওয়ার তীব্র নিন্দা জানান। ২০০৪ সাল থেকেই তুঘলক লেনের ওই বাংলোটি রয়েছেন রাহুল।
যদিও নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলো ছেড়ে দেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। চলতি সপ্তাহের শুরুতে তিনি নিজের প্রাক্তন নির্বাচনী এলাকা, ওয়ানাড় পরিদর্শনে যান এবং বলেন, “তারা (বিজেপি) আমার বাড়ি নিয়ে যেতে পারে এবং আমাকে জেলে রাখতে পারে, কিন্তু তারা আমাকে ওয়ানাড়ের জনগণ এবং তাদের সমস্যাগুলির প্রতিনিধিত্ব করা থেকে আটকাতে পারে না।”


