রাজ্য

ভাগীরথীর জলে ঝাঁপ ৫ শিশুর, উদ্ধার কিশোরীর নিথর দেহ

মুর্শিদাবাদ: ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল পাঁচ শিশু। তাদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ। আর এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম সাথী মণ্ডল (১০) ও নিখোঁজ শিশুর নাম রকি মণ্ডল (১০)। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর এলাকায়। জানা গিয়েছে, ওই পাঁচজন শিশু রবিবার সকালে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল। কিন্তু ভাগীরথী নদীর জলে তোড়ে তারা তলিয়ে যায়। এলাকার লোকজন ছুটে এলেও এক শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি উদ্ধার অভিযানে হাত লাগায়। তারা তিনজন নাবালিকাকে প্রথমে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পর সাথী মণ্ডলকে উদ্ধার করা হলেও, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। রকি মণ্ডল নামে আর এক শিশুকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।

 

মারধরের পর গাড়ির বনেটে ব্যক্তিকে ফেলে ৫ কিমি নিয়ে গেল ২ মদ্যপ

 

এক শিশুর মা যমুনা মণ্ডল জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও শিশুরা শোনেনি। সবাই মিলে স্নান করতে নেমে যায়। তাঁর অনুমান নদীর ঘূর্ণির তোড়েই টাল সামলাতে না পেরে তলিয়ে গিয়েছে শিশুরা। প্রশাসনের তরফে দ্রুততার সঙ্গে কেউ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, পাঁচজন একইসঙ্গে ঝাঁপ দেয় স্নান করার জন্য। তিনি জানান, সারা বছরই নদীতে অনেক জল থাকে, ফলে এভাবে শিশুদের পক্ষে স্নান করা বিপজ্জনক। তবে এমন ঘটে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles

Back to top button