শেয়ার বাজারে নোয়া রেকর্ড
বিশেষজ্ঞদের ধারনা এদিন লাফ দিতে পারে ভারতীয় শেয়ার বাজার। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে GIFT Nifty. ভারতীয় শেয়ার বাজার কেমন যাবে, তার একটা পূর্বাভাস দেয় এই সূচক। সোমবার GIFT Nifty ৬৫৯ পয়েন্ট উপরে উঠে ট্রেড করছে। যা প্রায় ৩ শতাংশের কাছাকাছি বৃদ্ধি। তা থেকেই বিশেষজ্ঞদের ধারণা, সব ঠিক থাকলে সোমবার বাজার খুললেই ঊর্ধ্বমুখী হতে পারে ভারতীয় শেয়ার বাজারের সূচক।
দেশের অধিকাংশ বুথফেরত সমীক্ষা (Exit Poll Survey) দেখিয়েছে বিপুল ভোটে জয়ী হয়ে ফিরতে পারে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে পারে বিজেপি। শনিবার রাতে প্রায় সব বুথফেরত সমীক্ষার ফল বেরোয়। শনিবার ও রবিবার শেয়ার বাজার বন্ধ ছিল। ফলে বুথফেরত সমীক্ষার পরে সোমবারই বাজার খুলছে।
গুরুত্বপূর্ণ দুটি বিষয়:
সোমবার ৩জুন, বাজার খোলার আগে নিফটির ফিউচারে গতি দেখা গিয়েছে। GIFT নিফটিও শক্তিশালী ছিল। যদি এই ট্রেন্ডই বজায় থাকে তাহলে সোমবার নতুন উচ্চতায় যেতে পারে ভারতের শেয়ার বাজার।
৩১ মে, শুক্রবার- বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৫ পয়েন্ট উঠে 73,961.31 পয়েন্টে বন্ধ হয়েছিল। যেখানে নিফটি ৫০ (Nifty 50)- ৪২ পয়েন্ট উঠে 22,530.70 পয়েন্টে বন্ধ হয়েছিল। ওই পুরো সপ্তাহে, সেনসেক্স 1,449.08 পয়েন্ট বা 1.91 শতাংশ এবং নিফটি 426.40 পয়েন্ট বা 1.85 শতাংশ কমেছে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সপ্তাহে মূলত ২টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবে বাজারের গতিপ্রকৃতি। একটি ৪ জুন লোকসভা নির্বাচনে ফলপ্রকাশ এবং অন্যটি আরবিআই-এর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত।
এশিয়ার অন্য শেয়ার মার্কেট (Share Market)- যেমন জাপানের Nikkei, দক্ষিণ কোরিয়ার Kospi- ঊর্ধ্বমুখী হয়েছে। এর প্রভাবেও এদিন ভারতীয় শেয়ার বাজার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে পতন হয়েছে বাজারের। লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার পরে আপাতত ভাল খবর মিলবে বলে মনে করা হচ্ছে।



