এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট তলব ডিজিসিএর
বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বিশেষ চার্টার বিমানে ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছয়। দেশে ফেরার পরেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার পাশাপাশি আরো বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রোহিত শর্মাদের। এই আনন্দের মাঝেই একটি খবর সামনে চলে এসেছে। এয়ার ইন্ডিয়ার যেই বিমানটি ভারতীয় দলকে নিয়ে আসার জন্য বার্বাডোজ পৌঁছেছিল সেই বিমানকে (এআইসি২৪ডব্লিউসি) কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে, তাদের দাবি আমেরিকায় যাত্রীদের অসহায় অবস্থায় ফেলে রেখে ভারতীয় দলকে আনতে এই বিমানটি বার্বাডোজ চলে যায়। এয়ার ইন্ডিয়ার এই বিমানটির আমেরিকার নেয়ার্ক থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারতে কোন সরাসরি ফ্লাইট এর ব্যবস্থা নেই। তাই এয়ার ইন্ডিয়ার এই ৭৭৭-২০০এলআর বিমানটিকে তড়িঘড়ি বার্বাডোজ পাঠানো হয়। নেয়ার্ক আমেরিকার নিউ জার্সির একটি ছোট্ট শহর। ওই বিমানটিতে এখানকার যে যাত্রীদের যাবার কথা ছিল তাদের জন্য সংস্থার তরফ থেকে অন্য বিমান ব্যবস্থা করে দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েন। এক যাত্রী টুইটারে আর এই সমস্যার কথা জানান।


