আপনিও সাংবাদিক

অশোকনগর রবীন্দ্র সংঘে স্বেচ্ছা রক্তদান শিবির

 

উত্তর ২৪ পরগনার অশোকনগর রবীন্দ্র সংঘের উদ্যোগে সংগঠিত হল রক্তদান শিবির। রবিবার সকালে রবীন্দ্র সংঘ প্রাঙ্গনে রাজ্য স্বাস্থ্য দফতরের শীতাতপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে স্বেচ্ছা রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা।

কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। মোবাইল ভ্যানে ঢোকার আগে রক্তদাতাদের হাত স্যানিটাইজ করা হয়। এরপর থার্মাল গান দিয়ে রক্তদাতার শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ৩৬ জন রক্তদাতা।

রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন এই শিবিরে আসেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার মুখ্য প্রশাসক প্রবোধ সরকার, প্রাক্তন কাউন্সিলার অসিত দে, শ্রীকান্ত চৌধুরি, অশোকনগরের বিধায়ক ধীমান রায়, বিশিষ্ট সমাজকর্মী কুমারজিৎ দত্ত প্রমুখ।

রবীন্দ্র সংঘের সাধারণ সম্পাদক নান্টু কর জানান, অশোকনগরের প্রাচীন ক্লাব রবীন্দ্র সংঘ বছরভর নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠিত করে থাকে। তারই অঙ্গ হিসাবে এদিনের এই রক্তদান শিবির।

Related Articles

Back to top button