বিধায়ক পদ থেকে আচমকা পদত্যাগ বেচারাম মান্নার, চিঠি দিয়ে এলেন স্পিকারকে
আপনিও সাংবাদিক এই পেজে লেখার জন্য নিউজ কর্তৃপক্ষ বা সম্পাদকমন্ডলী কোন ভাবে দায়ী না

Becharam Manna
বেচারাম মান্না। —ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা
কলকাতা
১২ নভেম্বর, ২০২০, ১৭:০৬:০০
শেষ আপডেট: ১২ নভেম্বর, ২০২০, ১৭:৫৯:৩১
হুগলি জেলায় আরও বাড়ল তৃণমূলের বিড়ম্বনা। উপদলীয় কোন্দল প্রকাশ্যে আসছিল বেশ কিছু দিন ধরেই। এ বার তা গড়িয়ে গেল বিধায়কের ইস্তফা পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন হরিপালের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। আগামিকাল শুক্রবার বেচারামের অনুগামীরাও সিঙ্গুরে গণ-পদত্যাগ করবেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন।
হুগলি জেলা তৃণমূলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারামের কোন্দল দীর্ঘ দিনের। সম্প্রতি দলের ব্লক সভাপতি নির্বাচন ঘিরে সেই সঙ্ঘাত চরমে ওঠে। রবীন্দ্রনাথের অনুগামী মহাদেব দাসকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় বেচারাম ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন রবীন্দ্রনাথ। প্রকাশ্যে মুখ খুলে দল ছাড়ার কথা ভাববেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, এই কোন্দল মেটাতে বুধবার রাতে বেচারামকে ফোন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের তৃণমূল সভাপতি পদে গোবিন্দ ধাড়াকে সরিয়ে মহাদেব দাসকে ব্লক সভাপতি করার নির্দেশ দেন দলনেত্রী। একই সঙ্গে হরিপালের বিধায়কের টিকিটও যে আর বেচারাম এ বার পাবেন না, সেই বার্তাও মমতা বেচারামকে দেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। তাঁর পরিবর্তে মহাদেব দাস অথবা সমীরণ মিত্রকে টিকিট দেওয়া হতে পারে, এমন ইঙ্গিতও ছিল নেত্রীর বার্তায়।
তবে বেচারামের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলনেত্রীর কাছে বেচারামের পাল্টা প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথবাবু প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন। তাঁকে খুশি রাখতে গিয়ে কেন অন্যদের ত্যাগ স্বীকার করতে হবে? এতে তৃণমূল নেত্রী বেচারামের উপর কার্যত রুষ্ট হন বলে দলীয় সূত্রে খবর। এমনকি, বেচারাম যেন দলকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টা না করেন, এই বার্তাও নেত্রীর তরফে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
বেচারাম ঘনিষ্ঠরা জানাচ্ছেন, নেত্রীর ধমক খাওয়ার পরে হরিপালের বিধায়ক কার্যত ভেঙে পড়েন। তিনি কান্নাকাটিও করেন। রাতেই সিদ্ধান্ত নিয়ে নেন, বিধায়ক পদে আর থাকেবন না।
এর পরেই বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছেন। আগামিকাল শুক্রবার বেচারামের অনুগামীরা সিঙ্গুরে তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকে গণ-পদত্যাগ করবেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর মিলেছে।



