যতই একুশের বিধানসভা ভোট এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে
পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ যতই একুশের বিধানসভা ভোট এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে শাসক ও বিরোধী দু’ই শিবিরে।রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি। রবিবার একই চিত্র ধরা পড়লো পূর্ব মেদিনীপুরে। এ দিন এগরা-২ ব্লকের সর্বোদয় অঞ্চল তৃণমূলের উদ্যোগে আটবাটি হাইস্কুলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখছিলেন রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি। ঠিক সেই সময়ই স্কুলের পাশ দিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি আওয়াজ তুলে বিজেপির পক্ষ থেকে কয়েকশো বাইক নিয়ে র্যালি করা হয়।
তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু কোন অঘটন ঘটেনি বলে পুলিশ সূত্রের দাবি। বিজেপির দাবি, পূর্বনির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সর্বোদয় অঞ্চলে বিজেপির পক্ষ বাইক মিছিলের আয়োজন ছিল। এগরা-২ পশ্চিম মন্ডলের যুব মোর্চার সভাপতি বলরাম গিরি বলেন, ” আমাদের আগে থেকে ওই এলাকায় বাইক র্যালি’র আয়োজন ছিল। শাসকদল আমাদের র্যালিকে বানচাল করার জন্য পাল্টা কর্মসূচি নেয়। মানুষ সবই দেখছে। আগামী একুশের বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে।” যাবতীয় অভিযোগ অস্বীকার করে সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস বলেন, “আমাদের কর্মীসভা হবে বলেই বিজেপি গোটা এলাকায় তাঁদের দলের পতাকা লাগায়।
বিজেপি স্থানীয় এলাকায় বাইক মিছিল করে। এটি একটি নির্লজ্জ রাজনৈতিক দল। এখন থেকে যদি এইরকম হয়, তাহলে এঁরা ক্ষমতায় এলে তো কাউকে মানবে না। মানুষ আমাদের সঙ্গে রয়েছে।” সভায় এগরা-২ ব্লক তৃণমূলের সভাপতি স্বরাজ খাঁড়া, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী, দলের অঞ্চল তৃণমূলের সভাপতি সত্যব্রত দাস, সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা মাইতি, এগরা-২ ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, দলের জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি সন্দীপ পাত্র, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি স্বপন পাত্র, রঞ্জন দাস, সারদাময়ী দাস ও নিধুরাম গিরি প্রমুখ।



