তৃণমূলের পাল্টা বিজেপি
তৃণমূলের পাল্টা বিজেপি
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তারপর নিজের খাস তালুক কাঁথি শহর থেকেই প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন পরিচিত চেনা মুখ বিজেপি পরিবারের নতুন সদস্য শুভেন্দু অধিকারী।
জোড়াফুল ছেড়ে পদ্মফুল হাতে নিয়ে প্রথম মিছিলে পা মেলাবেন তিনি।
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কমিটি সূত্রে জানা যায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে আর নয় অসুরক্ষা কর্মসুচী পালন হবে কাঁথি শহরে। বড়দিনের আগেই ২৪শে ডিসেম্বর বেলা ২ টায় মিছিল শুরু হবে, তারপর বড় ধরনের জনসভা করবেন কাঁথির চেনা মুখ শুভেন্দু অধিকারী ,
নতুন করে সাধারণ মানুষের কাছে পরিচয় ঘটাবেন তাঁর নতুন ইনিংস নিয়ে। পাশাপাশি ওই সভায় কমপক্ষে ২০ হাজার কর্মী সমর্থক যোগ দেবেন। ওই কর্মসুচীতে মূল কান্ডারি হিসেবে থাকবেন সৌমিত্র খাঁ এবং অগ্নিমিত্রা পাল।
তবে সঙ্গে থাকবেন নবনিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যাঁর ফলে গোটা কর্মসূচীর চেহারা ও গুরুত্ব দুটোই বদল হচ্ছে বলে মনে করেছে বিজেপি নেতৃত্ব।
যদিও তাঁর আগের দিন ২৩ শে ডিসেম্বর কাঁথিতেই বিশাল মিছিল করবেন তৃণমূল ।
যেখানে থাকবেন ফিরহাদ হাকিম, সৌগত রায়। রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং কৃষি বিলের বিপক্ষে কাঁথি শহরে মিছিল ও সমাবেশ হবে।
তাঁর পরদিনই বিজেপির সভাকে অনেকেই তৃণমূলের পাল্টা সভা বলে মনে করছেন। যদিও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী জানিয়েছেন, এই কর্মসূচী তাঁদের পূর্ব পরিকল্পিত।রাজ্যে তৃণমূল অবসানে পূর্ব মেদিনীপুর পথ দেখাবে বলে মনে করছেন তিনি।



