আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক সরকারের অফিসিয়াল পেজ সরিয়ে নিল ফেসবুক

মিয়ানমারের সেনা সরকার দ্বারা পরিচালিত ‘ট্রু নিউজ’ নামের ফেসবুক পেজটি প্লাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সহিংসতায় প্ররোচনা অভিযোগে রোববার এই পদক্ষেপ নেয় ফেসবুক।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশটির সকল স্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে অং সান সু চির মুক্তি ও ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেনা সরকার এই আন্দোলন সহিংসভাবে দমনের চেষ্টা করছে। বিক্ষোভে গুলি চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে হত্যা করেছে পুলিশ।

সেনাবাহিনীর অফিসিয়াল পেজ ‘তাৎমাদাও ট্রু নিউজ ইনফরমেশন টিম’ মুছে ফেলার ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘সহিংসতায় উসকানি ও ক্ষতিসাধনে সমন্বয় করা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী নিষিদ্ধ হলেও এই নিয়ম বারবার ভঙ্গ করায়’ এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মিয়ানমারে বিদ্বেষপরায়ণ পোস্টের ব্যাপারে ফেসবুক কোনো পদক্ষেপ নেয় না, এমন অভিযোগের পর জায়ান্ট কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী সংশ্লিষ্ট শত শত পেজ সরিয়ে নিয়েছে। এসব পেজের অধিকাংশই ছিল সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উদ্দেশ্য করে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর বার্মিজ সেনাবাহিনী বর্বর হামলা চালানোর পর সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

জাতিসংঘের তদন্তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংসহ অন্যান্য সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে। এরপর সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের অ্যাকাউন্ট ফেসবুক বাতিল করে দেয়।

মিয়ানমারের সীমান্তে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা সন্ত্রাসী গোষ্ঠী এবং মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা প্ররোচিত করার অভিযোগে কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুদের গ্রুপকেও নিষিদ্ধ করেছে ফেসবুক।

Related Articles

Back to top button