সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের।
ওয়েবডেস্ক: মানুষ আতঙ্কে আত্মহারা হয়ে উঠছে,এক সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। ভারতীয় বায়ুসেনার কর্মী, ৪৭ বছরের অরুণ গায়কোয়াড় চোখের সামনে তাঁর স্ত্রী, দুই ভাই এবং শাশুড়িকে হারালেন।
এই হৃদয়বিদারক ঘটনা পুনের।
অরুণের পরিবার থাকে পুনের লোহগাঁও ধানোরি এলাকায়। ১৫ মার্চ শ্বশুরের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান সারতে জড়ো হয় পরিবার। অরুণ জানান, তাঁর শ্যালক রোহিত সর্দিকাশিতে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। এরপর একে একে আক্রান্ত হয় পরিবারের ১৭ জন সদস্য। অরুণের স্ত্রী, কন্যা, শ্যালক, শাশুড়ি সবাই সংক্রমিত হন।
রোহিতের অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এদিকে শরীর খারাপ হতে শুরু করে অরুণের স্ত্রী বৈশালীর। আইসিইউ বেড পাওয়াই দুষ্কর হয়ে পড়ে। ৩০ মার্চ মারা যান বৈশালী, ৩ এপ্রিল রোহিত এবং পরের দিন শাশুড়ি। আরেক শ্যালক অতুলের মৃত্যু হয়েছে দিন তিনেক আগে।
চোখের সামনে পরপর চারজনের মৃত্যু যেন এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না অরুণ। কিন্তু দেশের করোনা পরিস্থিতি এখন এটাই।
তথ্য সূত্র: আজকাল



