আপনিও সাংবাদিক

করোনায় সংক্রমিত হওয়ায় দেশ জুড়ে শয্যা, অক্সিজেনের অভাব দেখা গিয়েছে

নিউজডেস্ক: যতদিন যাচ্ছে গড়ে আড়াই থেকে তিন লক্ষ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হওয়ায় দেশ জুড়ে শয্যা, অক্সিজেনের অভাব দেখা গিয়েছে। ঘাটতি দেখা দিয়েছে জীবনদায়ী ওষুধ। রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামোয় সাহায্য করতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার হাসপাতালগুলিকে কোভিড হাসপাতালে পরিণত করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। পাশাপাশি, হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র সরকার।

অক্সিজেনের সব থেকে বেশি চাহিদা রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। বাকি রাজ্যগুলোর পরিস্থিতিও যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

রবিবার বিশেষ ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছে ওষুধ শিল্প, তেল, স্টিল, পরমাণু চুল্লি, বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টের মতো ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো শিল্প সংস্থা আগামী ২২ এপ্রিল থেকে শিল্প উৎপাদন খাতে অক্সিজেন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি, রাজ্যগুলিকেও বলা হয়েছে, চিকিৎসায় অক্সিজেনের ব্যবহার বুঝেশুনে করতে।

গত ফেব্রুয়ারি মাস থেকে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি যে শুরু হয়েছে, তা কমার লক্ষণ নেই। উল্টে তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ১২ দিনে দৈনিক সংক্রমণের হার ৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬৯ শতাংশে। সংক্রমণের হারে এই মুহূর্তে শীর্ষে ছত্তীসগঢ়। ওই রাজ্যে সাপ্তাহিক সংক্রমণের হার প্রায় ৩০.৩৮ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গোয়া (২৪.২৪ শতাংশ) ও মহারাষ্ট্র (২৪.১৭ শতাংশ)। আগামী এক মাসেও পরিস্থিতি উন্নতির বিশেষ সম্ভাবনা দেখছেন না স্বাস্থ্য-কর্তারা।

পরিস্থিতি বিশ্লেষণ করতে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা। সূত্রের মতে, সংক্রমণ পরিস্থিতি ছাড়াও অক্সিজেনের জোগান, স্বাস্থ্য পরিকাঠামো, যথেষ্ট সংখ্যায় অক্সিজেনযুক্ত বেড, আইসিইউ রয়েছে তা নিয়ে আলোচনা হয়। সূত্রের মতে, সব রাজ্যই কেন্দ্রের কাছে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের সরবরাহ বাড়ানোর উপরে জোর দিয়েছে।

অন্যদিকে, অক্সিজেনের ঘাটতি মেটাতে রবিবারই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। লিক্যুইড অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অক্সিজেন এক্সপ্রেস (Oxygen Express) ট্রেন চালানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

এই ট্রেন যাতে দ্রুতগতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে, তার জন্য গ্রিন করিডর তৈরি করে এই ট্রেন চালানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই পরিকল্পনা “রোগীদের কাছে প্রচুর পরিমাণে এবং দ্রুত অক্সিজেন পৌঁছাতে” সাহায্য করবে।

তথ্য সুত্র: খবরঅনলাইন

Related Articles

Back to top button