জাতীয়

বিশাখাপত্তনম থেকে ছুটল ‘অক্সিজেন এক্সপ্রেস

মুম্বই: অক্সিজেনের আকাল শুরু হয়েছে মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রের অক্সিজেনের চাহিদা মেটাতে এবার এগিয়ে এল তেলাঙ্গানা। বিশাখাপত্তনম থেকে ছুটল ‘অক্সিজেন এক্সপ্রেস’। মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে যে সব রোগীর অবস্থা গুরুতর তাদের যাতে অক্সিজেন দেওয়া যায় তাই এই ব্যবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে এই ট্রেন রাষ্ট্রীয় ইস্পাত নিগমের সুবিধা নিয়ে বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র থেকে রাষ্ট্রীয় ইস্পাত নিগমের কাছে ৭টি খালি অক্সিজেন ট্যাঙ্কার এসে পৌঁছেছিল। বৃহস্পতিবার সকালে এই ট্যাঙ্কারগুলি আসার পর সেগুলিতে লিকুইড মেডিক্যাল অক্সিজেন ভরা হয়। সন্ধ্যায় সেগুলি পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রে। প্রতিটি ট্যাঙ্কারে ১৫ টন লিকুইড অক্সিজেন ভরা হয়েছে। পূর্ব উপকূল রেলওয়ের ওয়ালটেয়ার ডিভিশনের সঙ্গে যৌথভাবে এই করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এই কাজ অত্যন্ত উপকারী বলে রেলের তরফে জানানো হয়েছে। পীযূষ গোয়েল টুইটারে জানিয়েছেন, “প্রথম অক্সিজেন এক্সপ্রেস লিকুইড অক্সিজেনে ভর্তি করে ভাইজাগ থেকে মহারাষ্ট্র রওনা দিয়েছে। দেশের কঠিন সময়ে রেল পাশে দাঁড়িয়েছে। নাগরিকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে রেল।”

দেশের বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেবে বলে জানানো হয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, দেশের জরুরি অবস্থায় সবসময়ই পাশে আছে রেল। প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে সাপ্লাই চেন বজায় রাখতে চায় তারা। গত লকডাউনেও এই কাজ তারা করেছিল। এই বছর দেশের বিভিন্ন প্রান্তে ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেবে তারা। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের গুরুতর অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। জেনারেল ম্যানেজার বিদ্যা ভূষণ এই কাজের জন্য রেলওয়ে ম্যানেজার চেতন শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ওয়ালটেয়ার টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

Related Articles

Back to top button